আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। কোনোভাবেই স্বাধীনতাবিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে জনগণকে। না হলে দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো, বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তিশালী কোনও বিরোধী দল নেই।’ বলেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত আলোচনা সভা ও ‘ট্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এটি বহির্বিশ্বে কাউকে খাজনা দিয়ে চলে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। তাই এ দেশের জনগণই ভোটের মাধ্যমে নির্বাচন করে ঠিক করবে কারা আগামীতে সরকার গঠন করবে।’
কে এম খালিদ বলেন, ‘তরুণ প্রজন্ম ফেসবুকসহ স্ক্রিন টাচের নেশায় আসক্ত। এটি মাদকের চেয়েও ভয়াবহ। এসব কারণে তাদের প্রতিভা সঠিকভাবে বিকশিত হচ্ছে না। আমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। দেশ-বিদেশের সব বিষয়ে জ্ঞান রাখতে হবে তাদের।’
ট্র্যাব’র সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপা চক্রবর্তী, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি রাজু আলীম, টেলিপ্যাবের সভাপতি মনোয়ার হোসেন পাঠান, আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কে এম এ আল ফাহাদ বিন সগীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্র্যাব’র সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে সুস্থ সংস্কৃতি বিকাশে বিভিন্ন ক্যাটাগরিতে ট্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়।


