এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:বাগেরহাটের পূর্ব সুন্দরবনে র্যাব-০৮ এর সাথে গরীবেরবন্ধু বনদস্যু বাহিনীর বন্ধুকযুদ্ধে অজ্ঞাত এক বনদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডাকাতির খাল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল তল্লাসি করে ৩টি দেশি অস্ত্র উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
র্যাব ০৮ এর উপ পরিচালক একে এম শাহরিয়ার জানান, মঙ্গলবার সকালে নিয়মিত টহলের অংশ হিসেবে ঐ এলাকায় র্যাব সদস্যরা টহল দিচ্ছিল। এসময় গরীবের বন্ধু বনদস্যু বাহিনীর সদস্যরা র্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় পৌনে এক ঘন্টা গুলি বিনিময়ের পর দস্যুরা পিছু হটে। পরে ঘটনাস্থল তল্লাসি করে অজ্ঞাত এক বনদস্যুর মরদেহ এবং একটি অন শুটার, একটি একনলা বন্দুক এবং একটি কাটা রাইফেল পাওয়া যায়।
পরে স্থানীয় জেলেরা ঐ দস্যুকে গরীবেরবন্ধু বনদস্যু বাহিনীর সদস্য বলে নিশ্চিত করলেও পরিচয় দিতে পারেনি বলে জানান এ কর্মকর্তা।র্যাব-৮ এর উপ-অধিনায়ক জানান, পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের জোংড়া ও মরাপশুর সংলগ্ন ডাকাতিয়ার খাল এলাকায় বনদস্যু গরীবের বন্ধু বাহিনী জেলে, বাওয়ালী ও মৌয়ালদের জিম্মি করে মুক্তিপণ আদায় ও নির্যাতন করছিল এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৬ টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র্যাব-৮এর সদস্যরা। অভিযানকারীরা ভোরে ডাকাতিয়ার খালে প্রবেশ করা মাত্রই খালের মধ্যে পূর্ব থেকে অবস্থান নিয়ে থাকা দস্যুরা গুলি ছুড়তে থাকে। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে প্রায় আধ ঘণ্টা ধরে চলা বন্দুক যুদ্ধের এক পর্যায়ে দস্যুরা ট্রলার থেকে লাফিয়ে পড়ে বনের গহীনে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় নিহত এক দস্যুর মরা দেহ, ১টি একনলা দেশী বন্দুক, ১টি ওয়ান-শুটার গান ও ১টি কাটা রাইফেলসহ বেশ কয়েক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। নিহত দস্যুর মরদেহ মংলা থানা পুলিশের কাছে হস্তান্তরের পর লাশের ময়না তদন্তের জন্য দুপুরেই বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত দস্যুর নাম পরিচয় জানাতে পারেনি র্যাব।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, র্যাব ০৮ এর উপ পরিচালক একে এম শাহরিয়ার বাদী হয়ে মোংলা থানায় একটি মামলা করেছে। আমরা নিহত দস্যুর মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।




