সিঙ্গাপুরে আটককৃত দুই জেএমবি সদস্য রিমান্ডে

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ সিঙ্গাপুর থেকে ফেরত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামীরা হলেন, দৌলত জামান ওরফে মোয়াজ আল বাঙালী (৩৫) ও সোহেল হাওলাদার ওরফে বেলাল হাফসী আল বাঙালী (২৭)।

মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার এসআই একেএম জিয়াউর রহমান আসামীদের আদালতে হাজির করে সন্ত্রাস বিরোধ আইনে একটি মামলা ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামী বেলাল হাফসীর পক্ষে তার আইনজীবী মো: আওলাদ হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, অভাবের তাড়নায় সিঙ্গাপুরে যায় হাফসী। গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশে আসে। কিন্তু সে বাড়ি পৌঁছায়নি। তাকে না পেয়ে নরসিংদীর পলাশ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। তিনি আরো বলেন, আমরা ধরে নিচ্ছি এতদিন সে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ছিলো। তার কাছ যে তথ্যের প্রয়োজন তা নেয়া হয়েছে। এখন আর তাকে রিমান্ডে নেয়ার প্রয়োজন নেই। তাই আমি তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থণা করছি। তবে মামলার অপর আসামী দৌলত জামানের পক্ষে কোন আইনজীবী ছিলো না।

প্রসঙ্গত, রাজধানীর সবুজবাগ থানা এলাকার পূর্ব রাজারবাগ এলাকা থেকে গত শনিবার দিবাগত রাতে তাদের আসামীদের গ্রেপ্তার করা হয় বলে দাবী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩ এর। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুইটি পাসপোর্ট, নয়টি উগ্রবাদী বই, চারটি মোবাইল ফোন এবং সাতটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। এরপর র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসানের দাবী, আসামীদের মধ্যে দৌলত জামান ২০০৪ সালে ও ২০০৯ সালে সোহেল সিঙ্গাপুরে যায়। সেখানে মিজানুর রহমান নামের একজনের মাধ্যমে তারা জেএমবির সঙ্গে সম্পৃক্ত হয়।

২০১৫ সাল থেকে তারা সিঙ্গাপুরে অবস্থানরত শ্রমিকদের মধ্যে গোপনে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে। ২০১৬ সালের ২৫ মার্চে মিজানুর রহমানের নেতৃত্বে ওয়াটার ফ্রন্ট পার্কে সর্বশেষ গোপন বৈঠক করেছিল। ওই বছরের এপ্রিল মাসে তারা সিঙ্গাপুর সরকারের নজরদারিতে ধরা পড়ে। দীর্ঘ দেড় বছর সাজা শেষে দৌলত জামান ও সোহেল ছাড়া পায়। গত ২৬ সেপ্টেম্বর তারা বাংলাদেশে ফিরে আসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।