সরকারী হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের নির্দিষ্ট রংয়ের পোষাক

সরকারি হাসপাতালগুলোতে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য নির্দিষ্ট রং-এর পোষাক নির্ধারণ করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ৩য় শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে যাদের জন্য সরকারি পোষাক বরাদ্দ করার বিধান রয়েছে তাদের জন্যেও নির্দিষ্ট রং নির্ধারণ করে দেওয়া হবে।

আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি হাসপাতালের পরিচালকদের সাথে সভায় সভাপতিত্বকালে এ সংক্রান্ত আদেশ দ্রুত জারী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

সভায় মন্ত্রী হাসপাতালে বহিরাগতদের চাপ কমাতে রোগীদের অ্যাটেনডেন্ট সংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চিকিৎসক, নার্স, কর্মচারী ও রোগীর অ্যাটেনডেন্টদের জন্য নির্দিষ্ট পরিচয়পত্র ইস্যু ও ব্যবহার বাধ্যতামূলক করতে পরিচালকদের প্রতি নির্দেশ দেন। এসময় তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে মানুষ কম খরচে আধুনিক সেবা পাচ্ছে বলে সবসময় অতিরিক্ত রোগীর চাপ থাকে। ফলে চিকিৎসকদেরকে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। রোগীর স্বজন ও চিকিৎসক, নার্স বা কর্মচারীদের মধ্যে যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মন্ত্রী। কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনার যেন সৃষ্টি না হয় সেদিকেও পরিচালকদের দৃষ্টি রাখার জন্য তিনি তাগিদ দেন। একই সাথে হাসপাতালগুলোকে দালাল ও অবৈধ স্থাপনামুক্ত রাখার জন্যেও তিনি পুনরায় নির্দেশ প্রদান করেন।

সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ দেশের সকল সরকারি হাসপাতালের পরিচালকগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।