সব অপপ্রচারের জবাব প্রবাসী বাংলাদেশিদের দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

সব অপপ্রচারের জবাব প্রবাসী বাংলাদেশিদের দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

বাংলাদেশের বিরুদ্ধে যত অপপ্রচার হয়, তার বেশিরভাগই হয় বিদেশ থেকে। আমি এই সব অপপ্রচারের জবাব প্রবাসী বাংলাদেশিদের দেওয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কানাডার টরন্টোতে বাংলাদেশ আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, এমন কিছু ব্যক্তি ও গোষ্ঠী দেশে-বিদেশে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে যত অপপ্রচারই হোক, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে এবং দেশের উন্নয়ন অব্যাহত রাখবে।

হাছান মাহমুদ বলেন, ১৯৭১ সালেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। তারপরও বাংলাদেশের জন্ম ঠেকানো যায়নি। তেমনি বর্তমানেও যত ষড়যন্ত্রই হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে।

অন্টারিও আওয়ামী লীগ সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন মাসুদের পরিচালনায় কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুকী হাসান বক্তব্য দেন। কানাডা প্রবাসী মোহাম্মদ আমিন মিয়া, শাহাবুদ্দিন আহমেদ, মিনারা বেগম প্রমুখ আলোচনায় অংশ নেন।

এর আগে স্থানীয় ‘মদিনা গ্রিল’ রেস্তোরাঁয় মন্ত্রী তাঁর নিজের বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে কানাডায় বসবাসরতদের সাথে প্রাতরাশ সভায় যোগ দেন।

প্রবাসে বসবাসরত প্রত্যেক বাংলাদেশিকে দেশের দূত হিসেবে অভিহিত করে ড. হাছান মাহ্‌মুদ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’ প্রবাসীদের কানাডার মূলধারার রাজনীতিতে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘কানাডার মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত এবং সক্রিয় হয়ে আপনারা বাংলাদেশের উন্নয়নে আরো বেশি অবদান রাখতে পারবেন।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।