শিমুল হত্যা মামলায় প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন সমকাল সম্পাদক

বিশেষ প্রতিবেদকঃ সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যা মামলা দ্রুত নিস্পত্তি করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। বাংলাদেশ সম্পাদক পরিষদ সভাপতি ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির চেয়ারম্যান সাংবাদিকদের সুরক্ষার জন্য পৃথক আইন করার দাবীও জানান।

শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে নিহত সমকালের প্রতিনিধি শিমুলের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোলাম সারওয়ার। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত। তাদের ঝুঁকিভাতা প্রদানের বিষয়টি বিবেচনায় আনতে হবে।

নিহত সাংবাদিক শিমুলের পরিবারের পাশে সমকাল চিরকাল থাকবে এমন মন্তব্য করে গোলাম সারওয়ার বলেন, একজন সাংবাদিকের রক্তমাখা পরিচয়পত্র তাঁর সাহসিকতার পরিচয় বহন করে। সমগ্র দেশের সাংবাদিকদের মধ্যে সেই রক্তমাখা পরিচয়পত্র সততা ও দক্ষতার চিত্র তুলে ধরেছে। আব্দুল হাকিম শিমুল ছিলেন সেরকমই সৎ, নির্ভিক ও সাহসী সাংবাদিক।

বাংলাদেশ সম্পাদক পরিষদ সভাপতি আরও বলেন,বর্তমান প্রধান বিচারপতির অনেক বিষয় হৃদয় স্পর্শ করে। শিমুল হত্যাকণ্ড একটি মর্মস্পর্শী ঘটনা। প্রধান বিচারপতি নিজস্ব ক্ষমতাবলে এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিস্পত্তি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সমকাল সম্পাদক।

পিআইবির চেয়ারম্যান গোলাম সারওয়ার আরও বলেন, সাংবাদিকতার ধরণ বদলে যাচ্ছে।  হলুদ সাংবাদিকতার এখন আর কোন স্থান নেই। অর্ধ সত্য নয় পূর্ণ সত্য তথ্য দিয়েই সংবাদ প্রকাশ করতে হবে। শুধু হানাহানি আর মারামারির খবর নয়, উন্নয়নের খবরও এখন বেশি বেশি প্রকাশ করতে হবে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য (এমপি) হাসিবুর রহমান স্বপন, পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহম্মেদ, সমকালের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এস. এম শাহাব উদ্দিন,  অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাস, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, নিউ এজ প্রতনিধি সুলতানা ইয়াসমিন মিলি ও সরকারী রাশিদোজ্জাহা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আখতারুজ্জামান, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিমল কুন্ডু।

অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় স্মরণসভায় জেলার সিভিল সার্জন ডা. শেখ মঞ্জুর রহমান, সমকালের ডিজিএম (সার্কুলেশন) অমিত রায়হান, বগুড়া ব্যুরো প্রধান মোহন আখন্দ, পাবনা অফিস প্রধান এবিএম ফজলুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরন্নাহার বেগমের হাতে পিআইবির পক্ষ থেকে এক লক্ষ ও সমকালের পক্ষ থেকে ৫ লাখ টাকার অনুদানের চেক দেওয়া হয়। এছাড়া একইদিনে গোলাম সারওয়ার শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামে নিহত সাংবাদিক শিমুলের বাসভবনে গিয়ে পরিবারের সাথে সাক্ষাত করেন এবং কবর জিয়ারত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।