বিশেষ প্রতিবেদকঃ কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ সমর্থনের কথা জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শাবি উপাচার্য বলেন, কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি পর্যালোচনার জন্য নির্দেশ দিয়েছেন।
তাই সর্বজন স্বীকৃত যৌক্তিক এই দাবি সরকার অবশ্যই বিবেচনা করবে বলে আমার বিশ্বাস।তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে মেধাবীদের প্রয়োজন। মেধাবীরা সামনে এগিয়ে আসলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে।
তাই আমি চাই মেধার যথাযথ মূল্যায়ন করা হোক।ফরিদ উদ্দিন আহমেদ আরো বলেন, ‘আমি মনে করি বিষয়টার শান্তিপূর্ণ সমাধান হবে। দেশের স্বার্থে, মেধার স্বার্থে যে সিদ্ধান্ত আসবে সেটা সকলে মেনে নেব।’
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিনি বলেন, ‘আমার ছাত্রদের উপর হামলা আমি কোনভাবেই সমর্থন করি না। পুলিশ প্রশাসন যাতে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয় এই দাবি থাকলো।’এসময় শাবি উপাচার্য সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা এবং দুর্বৃত্ত কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।