শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার জন্য পর্যাপ্ত অর্থবরাদ্দ করতে সরকার আন্তরিক রয়েছে।
তিনি বলেন, ২০১৮-১৯ অর্থবছরে সরকার অনেকগুলো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে তারপরও সরকার শিক্ষাখাতে পর্যাপ্ত অর্থবরাদ্দ প্রদান করেছে। বর্তমানে সরকার বাজেটের প্রায় ১১ দশমিক ৪১ শতাংশ এবং জিডিপির ২২ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দিয়েছে। পর্যায়ক্রমে বরাদ্দের পরিমাণ জিডিপির ৪ শতাংশ করার পরিকল্পনা করেছে সরকার।
শিক্ষামন্ত্রী আজ জাতীয় প্রেস ক্লাবে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস এর আয়োজনে ‘আগামী বাজেট ও শিক্ষাখাত: আমাদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, এ সেমিনারের মাধ্যমে উত্থাপিত যৌক্তিক দাবিসমূহ আগামী বাজেটে বিবেচনা করা হবে। তিনি আরো বলেন, সরকার মিড ডে মিল সারা বাংলাদেশের সব স্কুলে চালু করার ব্যবস্থা নেবে। পুষ্টির সাথে মেধার যোগসূত্র রয়েছে। সরকার শিশুর পুষ্টিহীনতা দূর করতে কাজ করছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, বিশিষ্ট শিক্ষাবিদ আ আ ম স আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী সেমিনারে বক্তৃতা করেন।



