শবে বরাত ২১ এপ্রিল

দেশের কোনো জেলায় শনিবার সন্ধ্যায় শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এই হিসাবে আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

শবে বরাতের ১৪-১৫ দিন পর রমজান মাসের চাঁদ ওঠে। সে হিসাবে ৫ বা ৬ মে রোজা শুরু হতে পারে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪০ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৭ এপ্রিল রোববার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে।

সভায় ধর্মসচিব মো. আনিছুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহা. আজহারুল হক, প্রধান তথ্য কর্মকর্তা মো. জাকির হোসেন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. আবদুল হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক কাজী নূরুল ইসলাম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রিন্সিপাল প্রফেসর মো. আলমগীর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও শাহ মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ১৪৪০ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সব কার্যালয় এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে সর্বসম্মত ২১ এপ্রিল দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল বরাত উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।