লন্ডনে হামলাকারী পাকিস্তান বংশোদ্ভূত!

নিউজ ডেস্ক:  যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত লন্ডন ব্রিজ ও নিকটবর্তী বরো মার্কেটে তিন হামলাকারীর দুজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে একজন পাকিস্তান বংশোদ্ভূত।

গত শনিবার রাত ১০টার দিকে লন্ডনে ওই সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীদের গাড়িচাপা ও ছুরির আঘাতে নিহত হন সাতজন। আহত হন কমপক্ষে ৪৮ জন। পরে পুলিশের গুলিতে নিহত হয় তিন হামলাকারী।

পুলিশ জানায়, তারা দুই হামলাকারীর পরিচয় শনাক্ত করতে পেরেছে। তাদের একজনের নাম খুরাম বাট (২৭)। সে পাকিস্তান বংশোদ্ভূত। পুলিশ ও গোয়েন্দা সংস্থা এমআই৫-এর কাছে পরিচিত মুখ ছিল খুরাম। তবে সে এ হামলা করতে পারে, এ বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না ।

অপর একজন হামলাকারীর নাম রশিদ রেদওয়ান (৩০) বলে জানিয়েছে পুলিশ। সে মরক্কো-লিবীয় বংশোদ্ভূত বলে দাবি করা হচ্ছে। খুরাম ও রশিদ দুজনই লন্ডনের বার্কিংহ্যাম এলাকার বাসিন্দা।এদিকে সেদিনের হামলার জের ধরে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সাত নারী ও পাঁচ পুরুষ রয়েছে।

শনিবার মধ্যরাতে সাদা একটি গাড়ি রাস্তা ছেড়ে লন্ডন ব্রিজের ফুটপাতে উঠে পড়ে এবং পথচারীদের চাপা দেয়।

হামলার সময় সেতুটিতে ছিলেন বিবিসির সাংবাদিক হলি জোন্স। তিনি জানান, একজন পুরুষ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে ব্রিজের ফুটপাতে পথচারীদের ওপর উঠে পড়ে।ব্রিজে পথচারীদের চাপা দেওয়ার পর হামলাকারীরা নিকটবর্তী বরো মার্কেটে যায়। সেখানে গিয়ে মানুষকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা। পরে পুলিশের গুলিতে নিহত হয় তিন হামলাকারী। গুলি করে হত্যা করার আগপর্যন্ত মোটামুটি আট মিনিট ধরে চলে হামলা। বরো মার্কেট এলাকায় বেশ কয়েকটি রেস্তোরাঁ ও বার রয়েছে। রোববার সাপ্তাহিক ছুটির আগের রাত হওয়ায় অনেকেই ওই স্থানে অবস্থান করছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।