লঞ্চে চলাচলের ক্ষেত্রে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে

লঞ্চে চলাচলের ক্ষেত্রে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে

লঞ্চে চলাচলের ক্ষেত্রে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। লঞ্চ কর্তৃপক্ষ এনআইডি সংরক্ষণ করবে। এছাড়া রাতের বেলায় স্পীডবোট এবং বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

রোববার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নৌপথে স্টীমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ সব তথ্য জানিয়েছেন

প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ ঈদযাত্রা ও যাত্রী সেবা শতভাগ নিশ্চিত করতে চায় নৌ পরিবহন মন্ত্রণালয়। এ লক্ষ্যে এখন থেকে লঞ্চের টিকেট কাটার সময় ১৮ বছরের উর্ধ্বে যাত্রীদের জাতীয় পরিচয় পত্র অথবা জন্মনিন্ধন প্রদর্শন করতে হবে। ভবিষ্যতেও এ নিয়ম কার্যকর থাকবে বলে উল্লেখ করেন নৌ প্রতিমন্ত্রী।

যাত্রী সেবার প্রসঙ্গে নৌ প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে ৫ (পাঁচ) দিন এবং ঈদের পরের ৫ (পাঁচ) দিন দিনের বেলাও সকল বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ঈদের পূর্বে ৩ (তিন) দিন ও ঈদের পরে ৩ (তিন) দিন নিত্য প্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। স্পীডবোট চলবে না। ঢাকা নদী বন্দরসহ গুরুত্বপূর্ণ নদী বন্দর এলাকায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে।

বাসস জানায়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেয়া সিদ্ধান্তগুলো যাত্রীদের মেনে চলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কম ভাড়ার পেছনে যাতে যাত্রীরা না ছোটে ও লঞ্চ মালিকরা যেন কম ভাড়ায় অতিরিক্ত যাত্রী পরিবহন না করে- সেজন্য নির্ধারিত ভাড়া নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরিবহন পারাপারের জন্য ৫১টি ফেরী প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ ফেরীগুলোবন্ধ করে দেয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, লঞ্চের অনুমোদিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না। অভ্যন্তরীণ নৌপথে যাত্রী সাধারণের সুষ্ঠু ও নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন এলাকায় গার্মেন্টস ও নিটওয়্যার সেক্টরে নিয়োজিত কর্মীদের এলাকাভিত্তিক বা পর্যায়ক্রমে ছুটি প্রদানের ব্যবস্থা করতে হবে। নৌপথে চলাচলকারী যাত্রী সাধারণ যেকোন জরুরী প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইন নম্বরঃ ১৬১১৩-তে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (যাত্রী পরিবহন) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি শহীদুল ইসলাম ভূইয়া, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌপুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস এর উর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপার সরাসরি ও জুমে বৈঠকে উপস্থিত ছিলেন।

Share this news

ACP
Author / Reporter

ACP

Click the author name to read more stories.

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।