বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ

রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে -রেলপথ মন্ত্রী

বাংলাদেশ রেলওয়ে লোকসানের প্রতিষ্ঠান হিসেবে চলতে পারে না। এই প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। সকলে মিলে চেষ্টা করলে, মনোযোগ সহকারে কাজ করলে রেলের লোকসান হবে না। জাপান ও ইউরোপের দেশগুলোতে এমনকি ভারতেও রেল এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, তারা পারলে আমরা কেন পারব না। রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীগণকে নিজের মনে করে রেলের উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম।

আজ রাজধানীর রেলভবনে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপিভুক্ত বিনিয়োগ প্রকল্পসমূহ বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা সভায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণ করার পরে প্রকল্পের কাজ শুরু করতে মাসের পর মাস সময় লাগলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প কাজ শেষ হবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না হলে প্রকল্পের কাজ ধীরগতির কারণে খেসারত দিতে হয়। সঙ্গত কারণ ছাড়া খেসারত দেওয়া যাবে না এবং সেটা মেনে নেওয়া হবে না।

জিল্লুল হাকিম বলেন, সঙ্গত কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়ন দেরি হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন, কারণ প্রকল্পের কাজ বাস্তবায়ন ধীরগতির কারণে রেলকে কোটি কোটি টাকা খেসারত দিতে হয়।

এর আগে মন্ত্রীর সাথে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিন সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে এডিবি’র অর্থায়নে চলমান প্রকল্পের অগ্রগতি এবং নতুন প্রকল্পে আর্থিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।