ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা।। পাইকগাছার লস্কর হতে কড়ুলিয়া গ্রাম পর্যন্ত ২ কিলোমিটার রাস্তার বেহাল দশা। দেখার কেউ নেই। নির্বাচন পূর্ববর্তী সময়ে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর বেমালুম ভুলে যায়। ফলে চরম দুর্ভোগের স্বীকার হয় লস্কর ও কড়ুলিয়া গ্রামের শিক্ষার্থীরাসহ হাজার হাজার জনগণ।
সরেজমিনে তথ্যানুসন্ধানে জানা যায়, পাইকগাছা উপজেলার লস্কর গ্রাম হতে কড়ুলিয়া গ্রাম পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা ইটের সলিং ও কাঁচা রাস্তা। রাস্তাটির ইটের সলিং সরে শতশত গর্তে পরিণত হয়েছে। উক্ত সলিংয়ের রাস্তায় গর্তগুলোয় পানি জমে কর্দমাক্তে পরিণত হয়েছে। পাইকগাছার পৌর সদর পাশ দিয়ে বয়ে যাওয়া শিবসা নদীর কোল ঘেষে কড়ুলিয়া গ্রামটি অবস্থিত।যা লস্কর গ্রাম সংলগ্ন। কিন্তু লস্কর হতে প্রায় ২ কিলোমিটার দুরত্ব।উক্ত দু কিলোমিটার রাস্তা কাঁচা হওয়ায় শিক্ষার্থী সহ সাধারণ জনগণ রয়েছে চরম বিপাকে।
রাস্তার সামান্য অংশ ইটের সোলিং থাকলেও তা ইট সরে শত শত গর্তে পরিনত হশ্য়েছে। আবার কাঁচা রাস্তাটি দু পাশের মৎস্য ঘেরে পানির ঢেউয়ে ভাংতে ভাংতে এতই সরু হয়েছে, যে তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামে রয়েছে কড়ুলিয়া মোমিন উদ্দীন সরকারী প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয়টির ক্যাচমেন্ট এলাকা নির্ধারণ করা হয়েছে লস্কর গ্রামের এক চতুর্থাংশ।ফলে উক্ত গ্রাম হতে বিদ্যালয়টিতে আসতে ফাকা ও কাঁচা সরু রাস্তায় শিক্ষার্থীদের হিমশিম খেতে হচ্ছে। শতশত শিক্ষার্থীরা উক্ত রাস্তা দিয়ে স্কুলে আসা-যাওয়া করে। ফলে বর্ষা মৌসুমে বই খাতা ভিজে কাদা মাটি মেখে তাদেরকে আসা যাওয়া করতে হয়। এ কারণে অনেক শিক্ষার্থী বর্ষা কালে বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। আবার কোমল মতি শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে অনেক অভিবাবক বিদ্যালয় পরিবর্তন করার জন্য উপজেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন করেছ।
এছাড়া উক্ত এলাকাটি মৎস্য ও ধান্য চাষের জন্য গুরুত্ব বহন করে। আবার রুটি-রুজি আয়ের জন্য শতশত মটরসাইকেল, নছিমন-করিমন চলাচল করে এই ভঙ্গুর রাস্তা দিয়ে। যা প্রতিনিয়ত তাদেরকে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। প্রতি ইউপি ও জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রার্থীরা রাস্তাটি সংস্কারের জন্য বারংবার প্রতিশ্রুতি দিলেও নির্বাচন পরবর্তী সময়ে রাস্তাটির কথা আর কারোর খেয়াল থাকে না। ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন বলেন, রাস্তাটি সংস্কারের অভাবে আমাদের ছেলে-মেয়েরা বর্ষা মৌসুমে স্কুল-কলেজে যাওয়া প্রায় বন্ধ করে দেয়।
এ ছাড়া লস্কর গ্রামের পশ্চিম পাড়ার অধিকাংশ মানুষ কড়ুলিয়ার উপর দিয়ে খেয়া পার হয়ে পাইকগাছা থানা সদরে যাতায়াত করে। কিন্তু বর্ষা মৌসুমে পড়ে চরম বিপাকে।গোবিন্দ মন্ডল বলেন, রাস্তাটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হওয়ায় ধান্য ও মৎস্য মৌসুমে আমাদেরকে কমদামে উৎপাদিত পণ্য বিক্রি করতে হয়। কারণ, এই জরাজীর্ণ রাস্তায় কোন মোটর সাইকেল আনতে গেলে ভাড়া বেশি দিতে হয়। আবার অনেক সময় আসতে রাজী হয় না। এলাকার শতশত লোকজন রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


