বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ

রাজধানীর শাহবাগে সংখ্যালঘু সমস্যা দ্রুত সমাধানের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ

দেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা, লুটপাট এবং হিন্দু মা-বোনদের ধর্ষণ এবং হত্যার প্রতিবাদ ও এই সঙ্কটের দ্রুত সমাধান দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছে ‘বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক, বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ, বাংলাদেশ হিন্দু মহাজোট, হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন।

আজ শনিবার বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করেন তারা। এ সময় শাহবাগ চত্বর সংলগ্ন চারপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীরা সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের নিরাপত্তা, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সুরক্ষা আইন প্রণয়ন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় নানা আয়োজন নির্বিঘ্নে আয়োজন করতে সবাইকে এগিয়ে আসার আহবানও জানান তারা।

সুত্রাপুর থেকে আসা শিক্ষিকা পপি রায় চৌধুরী বলেন, সারাদেশের বিভিন্ন এলাকায় সংখালঘুদের বাড়িঘরে হামলা চালানো হয়। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন সনাতন ধর্মাবলম্বীরা। পুড়িয়ে দেয়া হয় তাদের সহায়-সম্পত্তি। এরকম আর চলতে পারে না। দেশ যখন নতুন উন্মাদনায় যাত্রা শুরু করেছে তখন সনাতন ধর্মাবলম্বীসহ অন্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আন্দোলনে আসা সংঘ বাংলাদেশের সভাপতি শান্তি রঞ্জন মন্ডল বলেন, যেকোনো সরকারের পতন হউক বা অন্য কোনো সংকট হোক হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত আসে সবার আগে। বর্তমান এই সংকটেও আমরা দেখছি বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে দেয়া হচ্ছে। নির্যাতনের শিকার হচ্ছেন অনেকেই। নিরাপত্তার জন্য অনেকেই স্বপরিবারে প্রতিবেশি দেশ ভারতে যাওয়ার জন্য বর্ডারে গিয়ে বসে আছে। আমাদের বাড়ি-ঘরে হামলা করা হচ্ছে। মন্দিরে হামলা করা হচ্ছে। আমাদের দেখার কেউ নেই। আজ থেকে আমরা মন্দির পাহারা চাই না। যেভাবে মসজিদ পাহারা দিতে হয় না। আমরা আমাদের নিরাপত্তা চাই।

নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে এক কলেজ শিক্ষার্থী বলেন, আমরা শিক্ষার্থীরাই নতুন দেশের যাত্রার অগ্রপথিক ছিলাম। কিন্তু আমার পরিবারও আজ নিরাপদ নয়। আমার এলাকার অনেকের বাড়িতেই হামলা হচ্ছে। এটা মেনে নেয়া যায় না। নতুন সরকার যেহেতু নতুন দেশ গড়তে যাচ্ছে তাই আমাদের দাবি থাকবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার। সংখ্যালঘু নির্যাতন বন্ধে তাদের সুরক্ষায় আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানাচ্ছি।

এসময় তাদের অবস্থানের কারণে শাহবাগ মোড় ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে জনসাধারণ ভোগান্তিতে পড়েন। এ সময় অনেকেই বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে চলতে দেখা যায়। তবে সনাতন ধর্মাবলম্বীদের আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করেছেন অন্যান্য ধর্মাবলম্বীরাও।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।