রাজধানীতে তিন বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

রাজধানীতে তিন বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে রবিবার (৫ নভেম্বর) থেকে ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তার আগের শনিবার সন্ধ্যার দিকে রাজধানীতে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ও সায়েদাবাদ এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর পূর্বঘোষিত অবরোধ শুরুর আগেই রাজধানীতে তিন বাসে আগুন দেয়া হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ওই তিন স্থানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদনী চকের গেটের সামনে মিরপুর লিংক বাসে, এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান মার্কেটের সামনে এবং সায়দাবাদ ফ্লাইওভারের নীচে জনপদ মো‌ড়ে তিন যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল গনি সাবু বলেন, নিউমার্কেট এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এলিফ্যান্ট রোডে একটি বাসে আগুন দেওয়া হয়। এর পাঁচ মিনিট পরই নিউ মার্কেট এলাকায় দ্বিতীয় বাসে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। এর পরই পাওয়া যায় জনপদ মো‌ড়ের বাসে আগুনের খবর।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। এর পর দুই দিন বিরতি দিয়ে আবার অবরোধ ডেকেছে দলটি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।