দিপক রায়, রংপুর প্রতিনিধি: রংপুর মেট্রোপলিটন এলাকার ৬ থানা সফলতার সাথে ২য় বছর অতিবাহিত করে ৩য় বর্ষে পদার্পন করেছে। ২য় বছরে ছয় থানায় দেড় হাজারেরও বেশি অপরাধ সংগঠিত হয়েছে ও সোয়া কোটি টাকার মাদক উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
আজ বুধবার (৬ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আব্দুল আলিম মাহামুদ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের ২য় বছর অর্থাৎ গত এক বছরে এখানে অপরাধ বিভাগের ৩টি জোনের অধীন ৬ থানায় মোট ১ হাজার ৫০৮টি মামলা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪১০ টির অভিযোগ পত্র ও ১০৩টির ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। মামলার তদন্ত শেষ করে ৩ হাজার ৪৭৮ জনআসামীকে গ্রেফতার করে মামলা নিষ্পত্তি করা হয়েছে।
গত ১ বছরে ৬টি থানায় মোট ৩ হাজার ৮৪৭ জিআর ওয়ারেন্ট, ২ হাজার ৬০টি সিআর ওয়ারেন্ট, ও ১ হাজার ৯৬৬ সাজা ওয়ারেন্ট (জিআর ও সিআর) নিষ্পত্তি করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষা ও উদ্ভুত নানা ধরনের আইনগতসমস্যা প্রতিকারের লক্ষ্যে মোট ২ হাজার ২৯৯টি নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। ০৬ থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক মোট ৫৬৭টি মাদক সংক্রান্ত মামলা ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার ১৮৩ পিস ইয়াবা, ৩৫৫.৬৬ কেজি গাঁজা, ১৯৬.৯২ গ্রাম হেরোইন, ৭৯০ বোতল (৫০০ মিলি বোতল) ফেন্সিডিল, ২৬৯ লিটার চোলাই মদ, ১৮৫ লিটার স্পিরিট, ৫ হাজার ৩০০ লিটার ওয়াস ও ১৪ লিটার বিদেশী মদ উদ্ধার করা হয়। যার সর্বমোট আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লক্ষ ৯৪ হাজার ২০০ টাকা। খুন ও ক্ললেসসহ ১৯টি চাঞ্চল্যকর ঘটনা/মামলার রহস্য উদঘাটন করা হয়।
এছাড়াও গত এক বছরে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ২টি জোনের অধীনে ৪৮হাজার ১৪টি মামলার মাধ্যমে ২ কোটি ২১ লক্ষ ৫ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনাকালীন সময়ে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রংপুর নগরীসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা হতে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, অবৈধভাবে সংরক্ষণ করা টিসিবি এবং ওএমএস পণ্য উদ্ধার করে ৭টি নিয়মিত মামলা ও ৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ হাজার ৪৫৬ লিটার সয়াবিন তেল, ১ হাজার ৫৫০ কেজি চিনি, ৫০ কেজি ডাল, ১ হাজার ৫৩০ কেজি চাল এবং ২৮৮ কেজি পেঁয়াজ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দাড়ায় ১৫ লক্ষ টাকার উপরে। গোয়েন্দা বিভাগ নগরীর বিভিন্ন এলাকার ব্যক্তি মালিকানাধীন ২২টি মেডিকেল, ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করে ৬ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা ও কয়েকজন ভূয়া ডাক্তারকে গ্রেফতার করে। সরকারি ও বেসরকারি মেডিকেল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়ে প্রায় ১২০জন এবং বিআরটিএ ও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে প্রায় ৩৫ জন দালাল চক্রের সদস্যকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, বছরব্যাপী মাদকের বিরুদ্ধে সভা-সমাবেশ চলমান রেখে জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে গাছের চারা রোপন, বিভিন্ন বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসন,দীর্ঘদিন ধরে অবরুদ্ধ রাস্তা জনগণের জন্য অবমুক্তকরণ, নিরাপদ খাবার পানি তথা গভীর নরকূপ স্থাপনসহ বিভিন্ন সাামাজিক কার্যক্রম জোড়ালোভাবে চলমান রয়েছে। জঙ্গীবাদ রোধেরংপুর মেট্রোপলিটন পুলিশ সদা তৎপর রয়েছে। আরপিএমপির তৎপরতায় সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে নাশকতার সাথে সম্পৃক্তদেরকে গ্রেফতার এবং ব্যাপক জিহাদী বই এবং সরকার বিরোধী ব্যানার ফেস্টুন ইত্যাদি উদ্ধার করা হয়েছে।



