রংপুরে প্রতিবন্ধীকে ধর্ষণকারীর যাবজ্জীবন কারাদন্ড

রংপুরে প্রতিবন্ধীকে ধর্ষণকারীর যাবজ্জীবন কারাদন্ড

দিপক রায়, রংপুর প্রতিনিধি: প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ফলে সন্তান জন্ম হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে বিচারক। রোববার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, জেলার পীরগাছা উপজেলার হরিরাম গ্রামের বাক প্রতিবন্ধী এক নারীকে প্রায়ই উত্যক্ত করতেন তারই চাচাতো বোনের স্বামী প্রতিবেশী আব্দুল জলিলের পুত্র আবুল কালাম। এ নিয়ে তাকে নিষেধকরা হলেও ক্ষিপ্ত হয়ে ২০০৮ সালের ১ ডিসেম্বর সুযোগ বুঝে ওই নারীকে ধর্ষণ করে কালাম। এর কিছুদিন পর মেয়েটির শারীরিক পরিবর্তন হলে বিষয়টি নিয়ে প্রতিবেশীদের মধ্যে আলোচনা শুরু হয়। মেয়েটিকে জিজ্ঞাসা করা হলে ইশারায় আবুল কালামকে দেখিয়ে দিয়ে পরিবারের লোকজনদের ধর্ষণের বিষয়টি অবগত করে।

গত ২০০৯ সালে ৯ সেপ্টেম্বর গুরুত্বর অসুস্থ অবস্থায় মেয়েটিকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে একটি ছেলে সন্তানের জন্ম দেয়। পরবর্তীতে ধর্ষণের ঘটনা ও সন্তানের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানালে আবুল কালামকে আসামী করে ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর আদালতে মামলা করে প্রতিবন্ধী মেয়েটির বাবা। আদালতের নির্দেশে ওই বছরের ২৫ ডিসেম্বর অভিযোগ পত্র দাখিলকরেন তৎকালীন পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ সরকার। এরপর ধর্ষণে জন্ম নেওয়া শিশুটির এবং ধর্ষকের ডিএনএ পরীক্ষা ও ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ১১ বছর পর এ রায় ঘোষণা করা হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও ১ লক্ষ টাকা জরিমানা এবং ধর্ষকের ওয়ারিশ হিসেবে সম্পত্তির অংশীদারিত্বের রায় দিয়েছেন আদালত। যদি ধর্ষকের কোন সম্পত্তি না থাকে তবে ওই শিশুটির ব্যয়ভার রাষ্ট্রকে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেই সাথে ধর্ষণের ফলে জন্ম নেওয়া ওই শিশুকে ওয়ারিশ ঘোষণা দিয়ে তার যাবতীয় ব্যয় বহন করারও ঘোষণা দেয়া হয়েছে উক্ত রায়ে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।