শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে নাশকতার আশংঙ্কায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৭ জন নেতা-কর্মীসহ মোট ১৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যস্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের পুলিশ হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ মো. সেলিম জানান, জেলা পুলিশের অভিযানে কোতয়ালী থানা বিএনপি’র একজন, বদরগঞ্জে বিএনপির একজন ও জামায়তের একজন, মিঠাপুকুরে জামায়াতের তিন জন ও গঙ্গাচড়ায় জামায়াতের এক জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া এসব বিএনপি’র ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে নাশকতা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগেরর অভিযোগ রয়েছে। এদিকে, নাশকতা ও বিশৃঙ্খলার আশংঙ্কায় জেলা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় জড়িতদের থাকার দায়ে জেলার বিভিন্ন স্থানে থেকে আরও ১৩১ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় মাদক বিক্রি ও সেবন, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া, হত্যাসহ সিআর ও জিআর মামলা রয়েছে।
রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সকল প্রকার নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে। চলমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



