যশোর প্রতিনিধি: প্রায় তিন মাসবন্ধ (৭৯ দিন) থাকার পর আজ বৃহস্পতিবার থেকে ফের চালু হলো যশোরের সাথে ঢাকার বিমান যোগাযোগ।
আজ সকাল ৯ টা ৫৫ মিনিটে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার একটি ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে এই বিমান চলাচল শুরু হয়েছে।
যশোর এয়ারপোর্ট ম্যানেজার মো. মাসুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ যশোর-ঢাকা রুটে ৭টি ফ্লাইট রয়েছে। এরমধ্যে দুটি এসে চলে ফিরে গেছে। এরমধ্যে ইউএস বাংলার চারটি এবং নভো এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।
যশোর এয়ারপোর্ট ম্যানেজার মো. মাসুদুল হক বলেন, যশোর এয়ারপোর্ট টার্মিনালের প্রবেশমুখে গ্লাস দিয়ে ঘিরে একটি বুথ করা হয়েছে। সেখানে মেডিক্যাল টিম বসবে। একজন ডাক্তারের নেতৃত্বে এই টিমের সদস্যরা হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে বিমানযাত্রী যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করবেন। এছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য অন্যান্য ব্যবস্থাও নেওয়া হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বন্ধ করে দিলে যশোর-ঢাকা রুটের ফ্লাইটও বন্ধ হয়ে যায়। এরপর ১ জুন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে বিমান চলাচলের অনুমতি দেয়। কিন্তু বাদ থেকে যায় যশোর, রাজশাহী, কক্সবাজার ও বরিশাল রুটে চলাচল।
এ চারটি এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেসময় যাত্রীদের করোনা থেকে সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারায় ১ জুন থেকে বিমান চলাচলের অনুমতি পায়নি। এরপর যশোরের স্বাস্থ্যবিভাগ যশোর বিমান বন্দরে মেডিক্যাল টিমের ব্যবস্থা করলে বৃহস্পতিবার থেকে বেবিচক এই রুটে বিমান চালানোর অনুমতি দেয়।
যশোরের সিভিল সাজর্ন ডা. শেখ আবু শাহীন বলেন, প্রতিদিন দু’টি মেডিক্যাল টিম এয়ারপোর্টে দায়িত্ব পালন করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫ জুন পর্যন্ত যশোর-ঢাকা রুটে কোনও ফ্লাইট পরিচালনা করবে না বলে জানিয়ে দিয়েছে। তবে প্রতিদিন বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলা চারটি এবং নভোএয়ার তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে। করোনায় বন্ধ হওয়ার আগে সরকারি-বেসরকারি তিনটি এয়ারলাইনস প্রতিদিন যশোর-ঢাকা রুটে ১২টি ফ্লাইট পরিচালনা করতো।



