যশোর জেলা শিল্পকলা একাডেমির ত্রিবার্ষিক নির্বাচনে অধ্যাপক সুকুমার দাস ও অ্যাড. মাহমুদ হাসান বুলুর নেতৃত্বাধীন ‘লাল সবুজ’ প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। এর আগে গত দুই মেয়াদে অর্থাৎ আরও দুই(২) বার তাদের প্যানেল বিজয়ী হয়ে একাডেমির দায়িত্ব পালন করে। ভোট গ্রহণ শেষে শুক্রবার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার হুমায়ুন কবীর ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন।
ঘোষিত ফলাফলে জানা যায়, লাল সবুজ প্যানেলের প্রাপ্ত ভোট ৩২০টি। আর এই প্যানেলে সহ-সভাপতি পদে অধ্যাপক সুকুমার দাস (৪৯৪ ভোট) ও অধ্যাপক জাহাঙ্গীর আলম ৪৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মাহমুদ হাসান বুলু (৫১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পদক পদে রওশন আরা রাসু ৪৮৭ ভোট ও চঞ্চল সরকার ৪৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে সানোয়ার আলম খান দুলু সর্বোচ্চ ৫২১ ভোট, শহিদুল হক বাদল ৪৬৮ ভোট, শাহরিয়ার বাবু ৪৬৬ ভোট, সরোয়ার হোসেন ৪৭৮ ভোট ও আশীষ মুখোপাধ্যায় ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও দীপংকর দাস রতনের নেতৃত্বাধীন ‘স্বাধীনতার চেতনায় সংস্কৃতির শুভযাত্রা’ প্যানেলের প্রাপ্ত ভোট ১৯৯টি। এই প্যানেলে সহ-সভাপতি পদে ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ৩০৬ ভোট ও আমিনুর রহমান হিরু ৩৩০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে দীপংকর দাস রতন ৩০০ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে লিপিকা দাশগুপ্ত ৩১০ ভোট ও আহসান হাবীব পারভেজ ৩২২ ভোট পেয়েছেন। সদস্য পদে মাহাবুবুর রহমান মজনু ৩২৫ ভোট, আনিসুজ্জামান পিন্টু ৩২০ ভোট, নাসির উদ্দিন মিঠু ৩৫৩ ভোট, হাবিবুর রহমান মিলন ২৯৯ ভোট ও অ্যাড. সোহেল শামীম আশীষ ২৮১ ভোট পেয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ‘লাল সবুজ’ প্যানেলের পরিচালনা পর্ষদের আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু বলেন, “প্রতিদ্বন্দী প্যানেলের চেয়ে প্রায় ২৫০ ভোটের ব্যবধানে এ বিজয়ে শিল্প সংস্কৃতির পক্ষে সদস্যদের বিজয় ।”
উল্লেখ্য, মোট ৯৮০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৮০ জন।



