যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় স্কুলের পিকনিক বাস উল্টে শিক্ষকসহ অন্তত চারজন মারা গেছেন। এতে আহত অবস্থায় ২৬ জনকে হাসপতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার রাত ৯টা ২৫ মিনিটে উপজেলার চৌগাছা-পুড়াপাড়া সড়কে স্বরূপদাহ ইউনিয়নের খরিঞ্চা দানবাক্স এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চৌগাছার বর্ণী রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জহুরুল ইসলাম, ছাত্রী সুমাইয়া ওসাথী এবং বাসটির চালকের সহকারী মিলন। চৌগাছা শহরের মাঠপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মিলন।
বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি হবিবর রহমান বলেন, ‘দুটি বাসে আমার স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও কয়েকজন অভিভাবক দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিক করতে যাচ্ছিল। রওনা হওয়ার কিছুক্ষণ পর রাত সোয়া ৯টার দিকে খরিঞ্চা দানবাক্স এলাকায় ছাত্রীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।’ বাসটিতে শিক্ষক ৫ জন এবং ৫১ জন ছাত্রী ছিল বলেও জানান তিনি।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার আওরঙ্গজেব বলেন, ‘দুর্ঘটনায় আহতদের মধ্যে ২৬ জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। এখানে আনার পর দুই ছাত্রী মারা গেছেন।’
দুর্ঘটনাস্থলে থাকা চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহেদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলেই মারা গেছেন স্কুল শিক্ষক জহুরুল ও বাসটির সহকারী মিলন। দুর্ঘটনায় বহু শিক্ষার্থী বাসটির ভেতরআটকে পড়ে। তাদের উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।’
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতদের মধ্যে কয়েকজনের নামপাওয়া গেছে। তারা হলো, জ্যোতি, ইতি, মিলন, সুমাইয়া, রিক্তা, রুপালি, খাদিজা, অনন্যা, সালমা ও সোনিয়া। তাদের মধ্যে জ্যোতি ও ইতির আঘাত গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক।
আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ৯টার দিকে তারা স্কুল থেকে স্বপ্নপুরির উদ্দেশ্যে যাত্রা করেন। রাত ৯টা ২৫ মিনিটের দিকে বাসটি (ময়মনসিংহ-ব-০০৫-০১০) খরিঞ্চা দানবাক্সএলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বলছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সেখানে আহত অবস্থায় নেওয়া ২৬ জনের মধ্যে দশজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর দুই ছাত্রীর মরদেহ রাখা হয়েছে হাসপাতালে।আহতদের চিকিৎসার খোঁজ নিতে চৌগাছা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভিন, পৌরসভার মেয়র নূরউদ্দিন আল মামুন হিমেল হাসপাতালে গেছেন।


