মোবাইল ফোনে স্বাস্থ্যঝুঁকি

আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কারের পর থেকেই তারবিহীন টেলিযোগাযোগ ব্যবস্থার কথা গবেষক ও বিজ্ঞানীরা ভাবতে শুরু করেন। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ ১৯৪০ সালে সামরিক বাহিনীর লোকেরা রেডিও টেলিফোনের ব্যবহার শুরু করে। এই রেডিও টেলিফোন ব্যবস্থার আবিষ্কারক ছিলেন রেজিনান্দ ফেসেন্দেন। তারপর ১৯৪৬ সালে প্রথম কল করা হয় একটি গাড়ি থেকে। ১৯৪৬ সালের ১৭ই জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির অঙ্গরাজ্যের লাউস থেকে বেল টেলিফোন সার্ভিস-এর আয়তায় প্রথম কল করা হয়। তারপর ১৯৪৬ সালের ২রা অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহর থেকে এলিওন বেল টেলিফোন কো¤পানির মাধ্যমে আবার টেলিফোন কল করেন। এই টেলিফোনটি ছিল ভ্যাকুয়াম টিউবে তৈরি। এর ওজন ছিল প্রায় ৩৬ কেজি অর্থাৎ ৮০ পাউন্ড। প্রথমে মেট্রোপলিট্রন এলাকার সকল ব্যবহারকারীর জন্য কেবল একটি চ্যানেলই বরাদ্দ ছিল।

পরবর্তীকালে ৩টি ব্যান্ডের আয়তায় ৩২টি চানেলের মাধ্যমে যোগাযোগ কাজ শুরু হয়। এই ব্যবস্থায় ১৯৮০ সাল পর্যন্ত যোগাযোগের কাজ করা হয়। এর মধ্যে ১৯৭৩ সালে বিশ্ববিখ্যাত মটোরোলা কো¤পানির প্রধান জন মিচেল পোর্টেবল যোগাযোগ ব্যবস্থার দিকে নজর দেন যার মাধ্যমে মুঠোফোন প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিচেল তারবিহীন যোগাযোগ ব্যবস্থার দিকে হাত বাড়ান, যা যে কোনো স্থান থেকে যোগাযোগ করতে সক্ষম হয়। মিচেলের এই কাজের গুরত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মটোরোলার গবেষক এবং নির্বাহী মাটিন কুপার (Martin Cooper)। এই মার্টিন কুপারই প্রথম সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে সর্বপ্রথম মুঠোফোন আবিষ্কার করেন। প্রথম মুঠো ফোনটির ওজন ছিল ২.৫ পাউন্ড। এর দৈর্ঘ্য ছিল ৯ ইঞ্চি, প্রস্থ ১,৭৫ ইঞ্চি এবং উচ্চতা ৫ ইঞ্চি। এর টক টাইম ছিল ৩০ মিনিট এবং চার্জ ১০ ঘণ্টা। প্রথম বাণিজ্যিক মুঠোফোনটি ছিল মটোরোলার DynaTAC 8000X। একে The Brick নামেও ডাকা হতো। এর মূল্য ছিল ৩,৯৯৫ মার্কিন ডলার, যা বাংলাদেশী প্রায় ৩,৩৯,৫৭৫ টাকার সমান।

অন্যদিকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জনক হিসেবে ধরা হয় এন্ডি রুবিনকে (Andy Rubin)। পরবর্তীকালে ২০০৩ সালে তাঁর সাথে রিচ মাইনার্স (Rich Miner), নিক সিয়ার্স (Nick Sears) ও ক্রিস হোয়াইট (Chris White) নামে আরো তিন জন মিলে Android.Inc নামের কো¤পানি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে ২০০৫ সালে Google তাঁদের থেকে কো¤পানিটি কিনে নেয় এবং তাদের গুগলে চাকুরি করার সুযোগ করে দেয়।

যাহোক এসব আবিষ্কারের মাধ্যমেই বর্তমানে সারা বিশে^ই মোবাইল ফোনের ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যম আয়ের দেশ বাংলাদেশে মোবাইল টেলিফোনের গ্রাহকসংখ্যা ১৩ কোটি ৮ লাখ ৪৩ হাজার পার হয়েছে গত অগাস্ট মাসেই বলে জানিয়েছে বিটিআরসি। দেশে নিবন্ধিত ৬টি মোবাইল কো¤পানির মধ্যে গ্রামীণ ফোনের ৫ কোটি ৫০ লক্ষ,বাংলালিংক ৩ কোটি ২৮ লক্ষ, রবি ২ কোটি ৮৩ লক্ষ, ওয়ারিদ (বর্তমান নাম এয়ারটেল) ৯৪ লক্ষ, সিটিসেল ১১ লক্ষ ৩৪ হাজার এবং টেলিটকের ৪০ লক্ষ ৭৯ হাজার গ্রাহক রয়েছে। নানাভাবে মানুষের প্রয়োজনে এলেও মানবদেহের উপর মোবাইল ফোনের দীর্ঘস্থায়ী এবং প্রলম্বিত ব্যবহারে মানবদেহে ক্ষতির ব্যাপকতা সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত ব্যাপক গবেষণায় এটি প্রমাণিত হয়েছে যে, মোবাইল ফোন ব্যবহারে মানবদেহে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। এ ধরনের ফোনের কারণে মানবদেহে যেসব সমস্যা দেখা যেতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, তার মধ্যে রয়েছে – ক) মস্তিষ্ক প্রদাহ; খ) দৃষ্টিহীনতা; গ) কর্ণ প্রদাহ; ঘ) মস্তিষ্কের ক্যান্সার; ঙ) চোখের ক্যান্সার ও চ) বৃক্ক প্রদাহ।

বিশেষ করে অল্প বয়েসী শিশু থেকে শুরু করে কিশোর বয়েসীদের মোবাইল ফোন ব্যবাহার বিষয়ে অনেক গবেষণা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশেই। গবেষকদের এসব গবেষণার কারণে একটি বিষয় সবার মনেই প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে, আসলেই শিশু কিশোরদের মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া উচিত কি না?

ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার’স জার্নাল অব মাইক্রোওয়েভ থিওরি এন্ড টেকনিকস (Institute of Electrical and Electronic Engineer’s Journal of Microwave Theory and Technics)এ ৫ বছর বয়েসী শিশু, ১০ বছর বয়েসী বালক/বালিকা এবং বয়স্ক নারী ও পুরুষদের উপর পরিচালিত এক গবেষণা ফলাফল প্রকাশিত হয়েছে।

এই গবেষণায় দেখা গেছে, ৫ বছরের শিশুর মাথার খুলির পুরুত্ব যেখানে মাত্র ১/২ মিলিমিটার সেখানে মোবাইল ফোনের বিকিরণ শোষণের হার প্রতি কেজি ওজনে প্রায় ৪.৪৯ ওয়াট, ১০ বছরের বালক/বালিকার মাথার খুলির পুরুত্ব যেখানে মাত্র ১ মিলিমিটার সেখানে মোবাইল ফোনের বিকিরণ শোষণের হার প্রতি কেজি ওজনে প্রায় ৩.২ ওয়াট এবং বয়স্ক নারী ও পুরুষের মাথার খুলির পুরুত্ব যেখানে ২ মিলিমিটার সেখানে মোবাইল ফোনের বিকিরণ শোষণের হার প্রতি কেজিতে প্রায় ২.৯৩ ওয়াট।

অতি সাম্প্রতিককালে জার্মান বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন যে, মোবাইল ফোন থেকে যে অতি সূক্ষ্ম ধরনের তড়িৎচৌম্বকীয় বিকিরণ নির্গত হয়, তা ইউভিয়াল মেলানোমা (Euvial Melanoma) নামে এক ধরনের চোখের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। গবেষকগণ ১১৮ জন চোখের ক্যান্সার নিয়ে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীর ইতিহাস পর্যালোচনা করে দেখেছেন যে, এসব রোগীর ক্ষেত্রে মোবাইল ফোনের প্রভাব রয়েছে। মোবাইল ফোন মানসিক বিভ্রান্তিও সৃষ্টি করতে পারে।

এসব বিষয় বিবেচনা করে বর্তমানে অনেক স্থানেই মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে যানবাহন চালানোর সময় চালকের মোবাইল ফোন ব্যবহার তো একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশনা অবশ্য মোবাইল ফোন থেকে নির্গত বিকিরণের জন্য নয়। মোবাইল ফোনে কথা বলার সময় মানুষের মনঃসংযোগ কথা বলা বা শোনার দিকেই থাকে। ফলে গাড়ি চালানোর জন্য যে পরিমাণ মনঃসংযোগ দেওয়া প্রয়োজন, তা থাকে না। ফলে গাড়ি দুর্ঘটনায় পতিত হয়।

বিজ্ঞানীদের মতে, মানবদেহের উপর মোবাইল ফোনের প্রভাব বিষয়ে বিভিন্ন গবেষণার মাধ্যমে নানা ধরনের ফলাফল পাওয়া গেছে। সংক্ষিপ্তভাবে এদের কয়েকটি রিপোর্ট নিচে উল্লেখ করা হলো

১. যুক্তরাজ্যের চক্ষু বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, মুঠোফোনের অতিরিক্ত ব্যবহারে দৃষ্টি বৈকল্য সৃষ্টি হতে পারে। এতে করে মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টির সমস্যা দেখা দিতে পারে। স্মার্টফোন ব্যবহারকারীরা সাধারণত চোখ থেকে ৩০ সেন্টিমিটার দূরত্ব রেখে তা ব্যবহার করেন। তবে, অনেকের ক্ষেত্রে এ দূরত্ব মাত্র ১৮ সেন্টিমিটার। সংবাদপত্র, বই বা কোনো কিছু পড়ার ক্ষেত্রে সাধারণত চোখ থেকে গড়ে ৪০ সেন্টিমিটার দূরত্ব থাকে। চোখের খুব কাছে রেখে অতিরিক্ত সময় ধরে স্মার্টফোন ব্যবহার করলে জিনগত সমস্যা দেখা দিতে পারে। ক্ষীণদৃষ্টি সৃষ্টির জন্য যা ভূমিকা রাখতে সক্ষম। গবেষকেরা একে ‘এপিজেনেটিকস’ সংক্রান্ত বিষয় বলেন। গবেষকেরা দীর্ঘক্ষণ ধরে স্মার্টফোনে চোখ না রাখতে পরামর্শ দিয়েছেন। দৈনিক কিছু সময় মোবাইল ফোন থেকে দূরে থাকার পরামর্শ দেন তাঁরা। স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে বয়স বিবেচনার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন যুক্তরাজ্যের গবেষকেরা।

২. মুঠোফোন ব্যবহারের ফলে কানের সমস্যা তৈরির বিষয়টি অভ্যাসের ওপর নির্ভর করে। হেডফোন ব্যবহার করে উচ্চশব্দে গান শুনলে অন্তঃকর্ণের কোষের ওপর প্রভাব পড়ে এবং মস্তিষ্কে অস্বাভাবিক আচরণ করে। একসময় বধির হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

৩. অতিরিক্ত সময় ধরে মেসেজ বা বার্তা টাইপ করা হলে আঙুলের জয়েন্টগুলোতে ব্যথা হতে পারে এবং অবস্থা বেশি খারাপ হলে আর্থ্রাইটিসের মতো সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়াও অনেকেই কাজের সময় মুঠোফোন ব্যবহার করতে গিয়ে কাঁধ ও কানের মাঝে ফোন রেখে কথা বলেন। অনেকেই অতিরিক্ত ঝুঁকে বসে দীর্ঘসময় ধরে বার্তা পাঠাতে থাকেন। বসার ভঙ্গির কারণেও শরীরে নানা অসুবিধা দেখা দিতে পারে। মোবাইল ফোনের বোতাম অতিরিক্ত চাপ দেওয়ার কারণে কার্পেল টানেল সিনড্রোম নামক রোগ সৃষ্টি হতে পারে।

৪. অতিরিক্ত সময় ধরে মুঠোফোনে বার্তা লিখবেন না, এতে করে শরীরের জয়েন্ট বা সন্ধির সমস্যা থেকে সুস্থ থাকতে পারবেন। অনেকক্ষেত্রে কার্পেল টানেল সিনড্রোমের মতো মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে।

৫. গবেষকেরা জানান, মুঠোফোন থেকে হাইফ্রিকোয়েন্সির ইলেকট্রো-ম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয়। এই ক্ষতিকর তরঙ্গের সঙ্গে মস্তিষ্কে ক্যান্সারের যোগসূত্র থাকতে পারে। এ ছাড়া শরীরের অন্যান্য কোষকলাও এই ক্ষতিকর তরঙ্গের প্রভাবে ক্ষতির মুখে পড়তে পারে।

৬. স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপের অতিরিক্ত ব্যবহার ও অতিরিক্ত টেলিভিশন দেখার ফলে ঘুমের সমস্যাই সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। যারা ঘুমাতে যাওয়ার আগে এ ধরনের প্রযুক্তিপণ্য অতিমাত্রায় ব্যবহার করেন তাদের দেহে মেলাটোনিনের ঘাটতি দেখা দিতে পারে। এসব প্রযুক্তিপণ্য থেকে নির্গত উজ্জ্বল আলোই এই সমস্যার মূল কারণ। এক পর্যায়ে ঘুমের মারাত্মক সমস্যা দেখা দেয় এবং স্লিপ ডিজঅর্ডারের মতো ঝুঁকি তৈরি হয়।

৭. মার্কিন গবেষকেরা পরীক্ষা করে দেখেছেন, টয়লেট সিটের তুলনায় ১০ গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে মুঠোফোনে। মুঠোফোন নিয়মিত পরিষ্কার না করায় এটি জীবাণুর অভয়ারণ্য হয়ে ওঠে। গবেষকেরা বলেন, মুঠোফোনে ব্যাকটেরিয়াগুলো ব্যবহারকারীর জন্য খুব বেশি ক্ষতিকারক না হলেও এটি থেকে সংক্রমণ বা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

৮. বিজ্ঞানীদের মতে, একটি পরমাণবিক চুল্লির যে বিপদ তার থেকে মোটেও কম নয় এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড (EMF) এর ক্ষতি। যাদের করোটি যতো পাতলা, তাদের মোবাইল এফেক্ট ততো বেশি। ব্রেন টিউমার থেকে শুরু করে নার্ভাস সিস্টেম ব্রেকডাউন, হার্ট অ্যাটাক সব কিছুরই সম্ভবনা বেড়ে চলেছে।

৯. মোবাইল ফোন ব্যবহারের ফলে মানুষের মস্তিস্কের একটা অংশ উত্তপ্ত হয়ে উঠে। তার ফলে মস্তিষ্কের টিস্যুগুলো ক্ষতিগ্রস্থ হয়। মগজেও থাকে তার প্রতিক্রিয়া।

১০. ঝড়ের সময় মোবাইল ফোন ব্যবহার করলে নানা ধরনের বিপদ দেখা যেতে পারে।

১১. বুক পকেটে মোবাইল রাখলে হার্টের সমস্যা হবার সম্ভবনা বেশি থাকে।

১২. ইয়ার ফোন ব্যবহার না করে, কানের গোড়ায় রেখে মোবাইল এ বেশি কথা বললে কানে কম শোনা এমনকি বধিরতার আশঙ্কা পর্যন্ত থাকতে পারে।

১৩. মোবাইল ফোন ব্যবহারে বর্তমানে মানুষের বন্ধ্যাত্ব বাড়ছে।

১৪. অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে মুখে ক্যান্সার বা মেলিগন্যান্ট টিউমারের ঝুঁকি বাড়ে।

১৫. শিশুদের মস্তিষ্কের কোষ নরম বলে তাদের মারত্মক ক্ষতি হচ্ছে। বিজ্ঞানী হাইল্যান্ড দেখিয়েছেন, তড়িৎচৌম্বকীয় দূষণের কারনেই শিশুরা এপিলেপ্সি ও অ্যাজমায় ভুগছে।

১৬. বিজ্ঞানী লেফ সেলফড তথ্য-প্রমাণের ভিত্তিতে সুদৃঢ় হয়ে যথেষ্ট জোরের সাথে বলেছেন, সেলফোনের প্রতিটা কল আমাদের মস্তিষ্কের ক্ষতি করে। এমন কি প্যাসিভ স্মোকারদের মতো যে লোক মোবাইল ফোন ব্যবহার করছে না কিন্তু মোবাইল ব্যবহারকারীর কাছে রয়েছে সেও ক্ষতিগ্রস্থ হচ্ছে।

১৭. ফ্রান্সে সান্তিনি আর সুইডেন এ সানডস্তরম আর মাইল্ড-এর সমীক্ষার ফলাফল লেফ সেলফড-এর বক্তব্যকে আরও সুদৃঢ় করে তোলে। এঁদের সমীক্ষা অনুযায়ী, সেলফোন ব্যবহারকারী ২৫% পর্যন্ত বিভিন্ন স্নায়বিক সমস্যায় ভুগছেন। যেমন: মাথাঘোরা, ক্লান্তি, স্মৃতিশক্তি হ্রাস, মাথা ঝিম ঝিম করা, ক্লান্তি প্রভৃতি। মানবদেহে মোবাইল ফোনের প্রভাবের বিভিন্ন অবস্থা

১৮. অতিরিক্ত পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করা হলে পুরুষের প্রজননতন্ত্রেরও ক্ষতির সম্ভাবনা থাকে। গবেষকেদের দাবি, মুঠোফোন থেকে নির্গত ক্ষতিকর তরঙ্গ শুক্রাণুর ওপর প্রভাব ফেলে এবং শুক্রাণুর ঘনত্ব কমিয়ে দিতে পারে।

১৯. মোবাইল ফোন বড়দের চেয়ে শিশুদের বেশি ক্ষতি হয়। তাই শিশুদের মোবাইল থেকে দূরে রাখুন। কথা বলতে বলতে একসময় ব্রেন ক্যান্সার পর্যন্ত হতে পারে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বলে এদের ক্ষতির পরিমাণ বেশি থাকে।

সার্বিকভাবে বলা যায়, মোবাইল ফোন ব্যবহারের কারণে মানুষের মানসিক চাপ, অমনোযোগিতা, মস্তিষ্কের ক্যান্সার, হার্টের সমস্যা, সাধারণ অসুস্থতা, স্নায়বিক সমস্যা, শুক্রাণুর গুণগত মান ও পরিমাণ হ্রাস, শ্রবণশক্তি হ্রাস পাওয়া, চোখের সমস্যা, গর্ভবস্থায় ঝুঁকি ইত্যাদি সমস্যা দেখা যায়।

মোবাইল ফোনের এসব সমস্যা থেকে মুক্ত থাকার জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
১. কথা বলার সময় অনেকটাই কমাতে হবে। বেশি সময় কথা বলার ক্ষেত্রে কান পরিবর্তন করে কথা বলতে হবে।

২. একটানা অবশ্যই ৫ মিনিটের বেশি কথা বলা উচিৎ হবে না।

৩. কথা বলার সময় মোবাইল ফোনটির অবস্থান কান থেকে কৌণিক, রৈখিক ও উচ্চতার দিক থিকে বার বার পরিবর্তন করা উচিত।

৪. কথা বলার ক্ষেত্রে স্পিকার ফোন ব্যবহার করা যায়। যেখানে স্পিকার ফোন ব্যবহার করে কথা বলা সমস্যা সেখানে তারযুক্ত হেডফোন ব্যবহার করা যাবে আবশ্যই ব্লুটুথ ডিভাইস নয়।

৫. কথা বলার সময় ফোনটি শরীর থেকে কমপক্ষে ৬ সেন্টিমিটার দূরে রাখা উচিত। স্মার্টফোন বা আইফোনের ক্ষেত্রে আরও বেশি দূরত্ব বজায় রাখা উচিত।

৬. প্যান্ট বা শার্টের পকেটে ফোন না রেখে হাতে রাখা অপেক্ষাকৃত নিরাপদ।

৭. কম ফ্রিকোয়েন্সি তথা যেখানে নেটওয়ার্ক পেতে সমস্যা মনে হয় সেখানে ফোনে কথা না বলা।

৮. ফোনে যখন কল গ্রহণ করছেন বা কারও কাছে কল করছেন সংযোগ হওয়ার আগ পর্যন্ত শরীর থেকে দূরে রাখা উচিত।

৯. মোবাইল ফোনে রেডিয়েশন নিরোধক চিপ ব্যবহার করা উচিত। রেডিয়েশন নিরোধক ডিভাইস ব্যবহার করা। যদিও সেই অর্থে কোনো রেডিয়েশন নিরোধক ডিভাইস বাজারে আসেনি।

১০. ঘুমানোর সময় মোবাইল ফোনটি অবশ্যই মাথার কাছ থেকে দূরে রাখা উচিত।
সুতরাং বলা যায়, আধুনিক যুগে মোবাইল ফোন অতীব গুরুত্বপূর্ণ একটি ডিভাইস হলেও এর নানা ধরনের বিপদ রয়েছে। মোবাইল ফোন যেহেতু ব্যবহার না করে থাকা যাবে না, সেহেতু এটি যাতে নিরাপদে ব্যবহার করা যায় সে বিষয়ে যত্নবান হওয়া উচিত।

অপরেশ বন্দ্যোপাধ্যায়, পরিচালক, বাংলা একাডেমি, ঢাকা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।