মুজিববর্ষে বাংলাদেশের ৭৭ টি মিশনে বিদেশে ২৬১ টি কর্মসূচি বাছাই -পররাষ্ট্র মন্ত্রণালয়

চলতি বছরের ১৭ মার্চ হতে আগামী বছরের ২৬ মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী যথাযথ মর্যাদায় মুজিববর্ষ পালনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপনে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের ৭৭টি মিশনে ২৬১টি কর্মসূচি বাছাই করেছে। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানসহ দেশের বিভিন্ন আয়োজনে এ পর্যন্ত ১৮ জন বরেণ্য বিদেশি অতিথির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. আব্দুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ ও নিজাম উদ্দিন জলিল (জন) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান,  জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানসহ আগামী মার্চ-এপ্রিলে অনুষ্ঠিতব্য কর্মসূচিতে বিভিন্ন দেশের এ পর্যন্ত ১৮ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক সরকার প্রধান, রাষ্ট্র ও সরকার প্রধানের প্রতিনিধি, রাজনীতিবিদ, আন্তর্জাতিক সংস্থার প্রধান, খ্যাতিমান ব্যক্তিত্ব রয়েছেন।

কমিটির বৈঠকে মুজিববর্ষ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়েছে জানিয়ে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিদেশে সভার আয়োজন, চিত্র প্রদর্শনী, বিদেশের বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন (ব্যাংকক, ওয়ারশ ও হাইডেলবার্গে ইতোমধ্যে স্থাপিত), চ্যান্সারি প্রাঙ্গণ ও আন্তর্জাতিক সংস্থার দফতরে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় বছরব্যাপী আন্তর্জাতিক সভার আয়োজন, চিত্র প্রদর্শনী ও ঢাকায় বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে ক্রিকেট বা ফুটবল টুর্নামেন্ট আয়োজন এবং জাতীয় কন্স্যুলার সেবা সপ্তাহের আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।