নওগাঁর মান্দায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোছা: মোমেনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়নের পশ্চিম নুরুল্যাবাদ মীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে অভিযানের সময় তার স্বামী মো: রফিকুল ইসলাম (৫০) পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মো: মহসিন ও নারী কনস্টেবল মোছা: আফরোজাসহ পুলিশের একটি টিম মান্দা থানাধীন জোতবাজার এলাকায় টহল ডিউটিতে ছিল। এ সময় তারা খবর পান যে পশ্চিম নুরুল্যাবাদ মীরপাড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে মাদকদ্রব্য গাঁজা বিক্রি হচ্ছে।
সংবাদের ভিত্তিতে পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলামের বসতঘরের ভেতর অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকুল পালিয়ে গেলেও ঘরে থাকা তার স্ত্রী মোমেনা বেগমকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার ডান হাতে থাকা একটি বাজার করা ব্যাগ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নিয়ম মেনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত গাঁজা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


