মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার -রাষ্ট্রপতি

স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। এছাড়া, সরকার স্বাস্থ্যখাতে অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। এর ফলে জনগণের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। বলেছেন রাষ্ট্রপতি মোঃ; সাহাবুদ্দিন।

 ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৪’ উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণীতে তিনি  এসব  কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৪’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘My Health, My Right’ অর্থাৎ ‘স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি একসাথে’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

মোঃ সাহাবুদ্দিন বলেন, মা ও শিশুদের টিকা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘কমিউনিটি ক্লিনিক’ মডেল জাতিসংঘ কর্তৃক ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ থেকে ‘সাউথ-সাউথ অ্যাওয়ার্ড’ এবং গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাকসিন এন্ড ইম্যুনাইজেশন (গ্যাভি) কর্তৃক ‘ভ্যাকসিন হিরো’ খেতাব প্রাপ্তি দেশে-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করেছে।

রাষ্ট্রপতি মোঃ; সাহাবুদ্দিন আরও  বলেন, সরকারের সময়োপযোগী ও যথাযথ পদক্ষেপ গ্রহণের ফলে করোনা মহামারি নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। মহামারি নিয়ন্ত্রণে দ্রুততম সময়ে মানুষকে টিকা প্রদান ও আক্রান্ত রোগীর ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সাফল্যের ধারাবাহিকতায় সরকার ২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বৈশ্বিক অঙ্গীকারের সাথে একাত্মতা প্রকাশ করেছে। এ লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশে স্বাস্থ্যখাতে সাফল্যের ধারা অব্যাহত থাকবে- বিশ্ব স্বাস্থ্য দিবসে এ প্রত্যাশা করি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।