মাদারীপুরে টিনের বেড়া কেটে চুরি করতে ঘরে প্রবেশ করার সময় আটক যুবকের গণপিটুতে মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৩টার দিকে মাদারীপুরের রাজৈরের পূর্ব নাগরদি এলাকার সুকদেব মালোর বাড়ির ওঠানে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত গোবিন্দ রায় (৪৫) হোসেনপুর ইউনিয়নের গোয়ালবাথান এলাকার তারাপদ রায়ের ছেলে। এদিকে আটককৃতরা হলো, পূর্ব নাগরদি এলাকার সুকদেব মালো (৫০) ও তার স্ত্রী বিথি মালো (৪৫)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার রাত ৩টার দিকে মাদারীপুরের রাজৈরের পূর্ব নাগরদি এলাকার সুকদেব মালোর টিনসেট ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে গোবিন্দ রায় নামে এক যুবক। ঘরের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে। পরে প্রতিবেশি আকাশ ও সুমনের সহযোগিতায় গোবিন্দকে গণপিটুনী দেয়া হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক। বিষয়টি ভিন্নখাতে নেয়ার জন্য মরদেহ ঘটনাস্থল থেকে কয়েকশ’ মিটার দুরে সড়কের পাশের একটি দোকানের সামনে ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরে মঙ্গলবার ভোরে ত্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী। এদিকে এই ঘটনার প্রধান অভিযুক্ত ওই এলাকার আকাশ মালো ও সুমন মালো এখনো পলাতক।

