মাইগ্রেনের ব্যথার ধরণ অনেকটাই ভিন্ন। এটি এক বিশেষ ধরনের মাথাব্যথা। মাথার যেকোনো এক পাশ থেকে শুরু হয়ে অনেক সময় পুরো মাথায় ছড়িয়ে পড়ে এই ব্যথা। এতে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়।
মস্তিষ্কের বহিরাবরণের ধমনিগুলো মাথাব্যথার শুরুতে স্ফীত হয়ে যায়। একইসাথে বমি এবং বমি বমি ভাব ও রোগীর দৃষ্টিবিভ্রম হতে পারে। কাজ করতে করতে বা যেকোনো সময় হঠাৎ করেই শুরু হয় মাইগ্রেনের ব্যথা। এই রোগ সাধারণত ২০ থেকে ৩০ বছর বয়সে শুরু হয়। বর্তমানে বিশ্বে প্রায় ১১ শতাংশ বয়স্ক মানুষ মাইগ্রেনজনিত মাথাব্যথায় ভুগে থাকেন।
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক এম এস জহিরুল হক চৌধুরী বলেন, মাথাব্যথা মানেই মাইগ্রেন নয়। দৃষ্টিস্বল্পতা, মস্তিষ্কের টিউমার অথবা মাথায় অন্য সমস্যার কারণেও মাথাব্যথা হতে পারে। মাইগ্রেন হচ্ছে একধরনের প্রাইমারি হেডেক, যা নিয়মিত চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। চিকিৎসকের অধীনে থেকে নিয়মিত চেকআপের মাধ্যমে এ রোগের চিকিৎসা করা উচিত। মাইগ্রেনের ব্যথা চোখের কোনো সমস্যার জন্য হয় না।
যে কারণে এবং যাদের বেশি হয়
মাইগ্রেনের কারণ সম্পূর্ণভাবে জানা যায়নি। এটি বংশগত বা অজ্ঞাত কোনো কারণে হতে পারে। সাধারণত পুরুষের তুলনায় নারীদের এ রোগের প্রবণতা বেশি। বিশেষ করে নারীদের ঋতুস্রাবের সময় এ মাথাব্যথা বাড়ে। চকলেট, পনির, কফি ইত্যাদি বেশি খেলে, জন্মবিরতিকরণ ওষুধ, দুশ্চিন্তা, অতিরিক্ত ভ্রমণ, ব্যায়াম, অনিদ্রা, অনেকক্ষণ টিভি দেখলে, দীর্ঘসময় কম্পিউটারে কাজ করলে, মোবাইলে কথা বললে এ রোগ হতে পারে। মানসিক চাপ, দুশ্চিন্তা, কোষ্ঠকাঠিন্য, অতি উজ্জ্বল আলো এই রোগকে আরো বাড়িয়ে দেয়।
লক্ষণ
মাথাব্যথা একবার শুরু হলে তা কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিন পর্যন্ত চলতে পারে। মাথাব্যথা, বমি ভাব এ রোগের প্রধান লক্ষণ। এছাড়া অতিরিক্ত হাই তোলা, কোনো কাজে মনোযোগ নষ্ট হওয়া, বিরক্তি বোধ করা ইত্যাদি উপসর্গও মাথাব্যথা শুরুর আগে দেখা দিতে পারে। মাথার যেকোনো অংশ থেকে এ ব্যথা শুরু হয়ে পরে পুরো মাথায় ছড়িয়ে পড়ে। চোখের পেছনেও ব্যথার অনুভূতি তৈরি হতে পারে। শব্দ ও আলোতে খুব কষ্ট হয়। অতিরিক্ত শব্দ ও আলোয় ব্যথা বেড়ে যেতে পারে|
যেসব খাবার মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করে
* ম্যাগনেশিয়ামসমৃদ্ধ খাবার- যেমন ঢেঁকি ছাঁটা চালের ভাত, আলু ও বার্লি মাইগ্রেন প্রতিরোধক।
* বিভিন্ন ফল- বিশেষ করে খেজুর ও ডুমুর ব্যথা উপশম করে।
* সবুজ, হলুদ ও কমলা রঙের শাকসবজি নিয়মিত খেলে উপকার হয়।
* ক্যালসিয়াম ও ভিটামিন ডি মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করে। তিল, আটা ও বিট ইত্যাদিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে।
* আদার টুকরো বা রস দিনে দুবার জিঞ্চার পাউডার পানিতে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
যেসব খাবার এড়িয়ে চলা উচিত
* চা, কফি ও কোমলপানীয়, চকলেট, আইসক্রিম, দুধ, দই, মাখন, টমেটো ও টক জাতীয় ফল খাবেন না।
* গম জাতীয় খাবার- যেমন রুটি, পাস্তা, ব্রেড ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকবেন।
* আপেল, কলা ও চিনাবাদাম খাবেন না।
* পেঁয়াজ খাওয়া থেকে দুরে থাকবেন।
তবে এক একজনের এক এক ধরণের খাবারে সমস্যা দেখা দিতে পারে। তাই সবচেয়ে ভালো হয় একটা ডায়েরি রাখা। আর ব্যথা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
মাইগ্রেন থেকে রেহাই পাওয়ার কিছু উপায়
* প্রতিদিন নির্দিষ্ট সময়ে পরিমিত ঘুমাতে হবে।
* অতিরিক্ত বা কম আলোতে কাজ করা যাবে না।
* কড়া রোদ এবং তীব্র ঠান্ডা পরিহার করতে হবে।
* উচ্চশব্দ ও কোলাহলপূর্ণ পরিবেশে বেশিক্ষণ থাকা যাবে না।
* বেশি সময় ধরে কম্পিউটারের মনিটর ও টিভির সামনে থাকবেন না।
* মাইগ্রেন শুরু হয়ে গেলে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। সেইসাথে বিশ্রাম করতে হবে। সম্ভব হলে মাথায় ঠান্ডা কাপড় জড়িয়ে রাখতে হবে।