এন এ রবিউল হাসান লিটন, জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় মসজিদের কমিটি গঠন ও টাকা পয়সার হিসেব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আমিনুর রহমান (৫২) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছে।
জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের নয়াদিঘি ইসলামপুর গ্রামে শুক্রবার জুম্মার নামাজের পর এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত আমিনুর ওই গ্রামের মৃত নজিমউদ্দিনের পুত্র।
এ ঘটনায় পুলিশ ওই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পিতা এমাজউদ্দিন (৭৫), মাতা নাজিরা বেগম (৬০) ও ভাই নুরনবীর স্ত্রী শিরিন আক্তারকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের ইসলামপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সাথে মসজিদের কমিটি ও টাকা পয়সার হিসেব নিয়ে সাবেক সেনা সদস্য আমিনুর রহমানের মধ্যে কলহ বাধে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে লাঠিশোঠা নিয়ে সংঘর্ষ বেধে যায়।
এ সময় নুরুল ইসলামের লোকজনের লাঠির আঘাতে গুরুতর আহত হন আমিনুর রহমান। গুরুতর অবস্থায় তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হাবিবুল্লাহ রাসেল তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় উভয়পক্ষের সংঘর্ষে আমিনুল রহমানের ভাই মমিনুল ইসলাম (৫০), পুত্র সোহান (২০), নুরুল ইসলামের ভাই নূর নবি (৪০), নুরুল ইসলামের পিতা এমাজউদ্দিন (৭৫), নুরুল ইসলামের মাতা নাজিরা বেগম (৬০), নুরনবীর স্ত্রী শিরিন আক্তার (৩৫) আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম বলেন, সংঘর্ষে হতাহতের ঘটনায় ইতোমধ্যে তিন জনকে আটক করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ১৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা হয়েছে।





