বৃষ্টিবিঘ্নিত জর্জটাউনে আবহাওয়ার ফায়দা নিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ১৩ ওভারের বেশি এগোল না ম্যাচ। শেষমেষ বৃষ্টিতে পন্ড হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের প্রথম ওয়ান-ডে ম্যাচ।
বৃষ্টির কারণে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এদিন টস হয় নির্ধারিত সময়ের প্রায় দু’ঘন্টা পর। ওভারসংখ্যা কমে হয় ৪৩। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৫.৪ ওভার পর ফের শুরু হয় বৃষ্টি। ওয়েস্ট ইন্ডিজের রান তখন বিনা উইকেটে ৯। রোদ-বৃষ্টির লুকোচুরির মধ্যেই বেশ অনেকটা সময় অপেক্ষা করার ফের শুরু হয় খেলা। এবার ওভারসংখ্যা কমে দাঁড়ায় ৩৪-এ। ভারতীয় বোলারদের এবার আক্রমণের পথ বেছে নেন ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইস। তবে উলটোদিকে পুরোপুরি নিষ্প্রভ ছিলেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল।
৩১ বলে খেলে মাত্র ৪ রানে কুলদীপের শিকার হন তিনি। ক্রিজে নামেন সাই হোপ। ১১ ওভারের মাথায় ফের মাঠ ছাড়েন দু’দলের ক্রিকেটাররা। যদিও এক্ষেত্রে অল্প কিছুক্ষনের মধ্যেই প্রকৃতি সদয় হয়, শুরু হয় খেলা। কিন্তু ১৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান যখন ১ উইকেটে ৫৪, ফের বৃষ্টিতে বিঘ্ন ঘটে খেলা। এরপর আবহাওয়া অনুকুল না হওয়ায় আর শুরু করা যায়নি ম্যাচ। মাঠে নেমে পরিস্থিতি বিচার করে প্রথম ওয়ান-ডে পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।
বিশ্বকাপ পরবর্তী দলের কন্ডিশন দেখে নেওয়ার জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও বাধ সাধল প্রকৃতি। টি-২০ সিরিজ জয়ের পর প্রথম ওয়ান-ডে ম্যাচে এদিন ভারতীয় দলে ফিরেছিলেন রোহিত শর্মা। টি-২০ সিরিজের শেষ ম্যাচে ‘হিটম্যান’-ক বিশ্রাম দিয়েছিল ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। ফলে গায়ানায় শেষ টি-২০ ম্যাচে শিখর ধাওয়ানের সঙ্গে ভারতীয় ইনিংস শুরু করেছিলেন লোকেশ রাহুল। কিন্তু ওয়ান-ডে সিরিজের প্রথম ম্যাচেই সেই ধাওয়ান-রোহিত জুটির উপর ভরসা রেখেছিল কোহলি অ্যান্ড কোং।
বিশ্বকাপের পর ফের ‘মেন ইন ব্লু’ জার্সিতে মাঠে নামেন কেদার যাদব, মহম্মদ শামি ও কুলদীপ যাদবও। কারণ টি-২০ সিরিজের দলে ছিলেন না কেদার, শামি ও কুলদীপ। এছাড়া এদিন প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। আগামী ১১ অগাস্ট পোর্ট অফ স্পেনে দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
মাত্র ১৩ ওভার খেলা দেখার সুযোগ হলেও বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে জর্জটাউনের দর্শকদের এদিন আনন্দ দেন বিরাট কোহলি। গ্যালারির ডিজে’র তালে ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইলের সঙ্গে মাঠেই এদিন ক্যালিপসো ডান্স করেন ভারত অধিনায়ক।


