স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি যুবক এক বছর কারাভোগের পর বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
মঙ্গলবার (২৪ জুলাই) বিকেল ৫টায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের স্বদেশ প্রত্যাবর্তন আইনে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে।
এদিকে ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।
ফেরত যুবকরা হলেন- রাজশাহীর আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর (২৩), আসরাফ আলীর ছেলে আব্দুল করিম (২৫), হাবিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন (২১), কামালের ছেলে আব্দুল হালিম (২৬), গোলাম নবীর ছেলে বাবু (২৪), আলাউদ্দীনের ছেলে আজিজুর (২৬), আলমের ছেলে জহিরুল (২৮), ফজলুর রহমানের ছেলে শহিদুল (২১), আকতারের ছেলে ইকবাল (২২), আনারুলের ছেলে সোহেল রানা (২৫), আসরাফের ছেলে সুমন (২০), নওশাদের ছেলে জহিরুল (২৭), আশরাফুলের ছেলে মমিন (২৪) ও আব্দুর রহমানের ছেলে ফুলাল (২৫)।
পুলিশ জানায়, বিভিন্ন সময় পাচারকারীরা ওই যুবকদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে ব্যাঙ্গালুর সেন্টাল জেলে এক বছর কারাভোগ শেষে তারা মুক্তি পান। এক পর্যায়ে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরত আনা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিনুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা যুবকদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।



