ভারতের কাছে বাংলাদেশের ২ কোটি ৩০ লাখ ডোজ টিকা পাওনা আছে। আমরা টিকার জন্য তাগাদা দিচ্ছি। ভারত আগস্ট মাসে ইঙ্গিত দিয়েছিল যে তারা টিকা দেবে । কিন্তু এখনও পর্যন্ত আমরা ভারতের কাছে এই টিকা পাইনি। কবে এই টিকা পাওয়া যাবে তাও জানতে পারিনি।’বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জাহিদ মালেক বলেন,দেশের সবাইকে টিকা দেওয়ার ক্ষমতা আমাদের আছে। সেটা প্রমাণিত হয়েছে।’‘বাংলাদেশে একদিনে ২৪ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। আমরা যেমন পরিমাণ টিকা পাব তার ভিত্তিতে এই গণটিকাকরণ কার্যক্রম চালানো হবে।’
তিনি বলেন, ‘যদি আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন চলে আসে, তবে শহরে এবং গ্রামে উভয় জায়গাতেই ভ্যাকসিন দেওয়ার কাজ সমানভাবে চলবে। যদি ভ্যাকসিনের পরিমাণ কম থাকে তাহলে আমাদের সেভাবেই পরিকল্পনা করতে হবে। আমরা দেশের সবাইকেই টিকা দিতে চাইছি। টিকা দেওয়ার বিষয়টি নির্ভর করছে ভ্যাকসিন মজুতের ওপর। আমরা যখন বেশি পরিমাণ ভ্যাকসিন পাব তখন গ্রামে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করব। এখন যেভাবে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে সেভাবেই তা চলবে।’
তিনি বলেন, ‘যাদের কাছ থেকে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, তাদের কাছেই আমরা ভ্যাকসিন কিনছি। রাশিয়ার সঙ্গেও আমাদের চুক্তি হয়েছে। আমরা অপেক্ষায় আছি রাশিয়ার এই টিকা পাওয়ার জন্য । কোভ্যাক্সের সাথেও আমাদের সাত কোটি টিকার চুক্তি হয়েছে। তারাও আমাদের টিকা দিচ্ছে।’





