দেশের ১৪টি উপজেলা পরিষদ (উপনির্বাচনসহ) ও ৪টি পৌরসভা নির্বাচনে সোমবার বেশিরভাগ কেন্দ্র ছিল ভোটার শূন্য। এ ছাড়া বেশকিছু কেন্দ্রে জাল ভোট, প্রকাশ্যে সিল, কেন্দ্র দখল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জাল ভোট দেয়ার অপরাধে ৩ আওয়ামী লীগ কর্মীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নানা অনিয়মের অভিযোগে কয়েকটি স্থানে নির্বাচন বর্জন করেছেন বিএনপির প্রার্থীরা। সবচেয়ে বেশি অনিয়মের ঘটনা ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে। এখানে ক্ষমতাসীন দলের কর্মীদের প্রকাশ্যে সিল মারতে দেখা যায়। এ ছাড়া পুলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগও উঠেছে। অনিয়মের ছবি তুলতে গেলে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ছবি ডিলিট করে দেয়া হয়। নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার কথা স্বীকার করে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ভোটার উপস্থিতি কম ছিল। সার্বিক উপস্থিতি ৬০ শতাংশের কম। এ নির্বাচন উপলক্ষে কমিশন বাড়তি সতর্কতা অবলম্বন করেছিল। তাই কোথাও কোনো বিশৃংখলা হয়নি। কোনো অভিযোগও আসেনি। এজন্য নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ থাকায় তা প্রতিযোগিতামূলক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে উপজেলা ও পৌরসভা নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিনিধিদের পাঠানো খবর-
গৌরনদী (বরিশাল) : সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত অন্তত ১০টি কেন্দ্র ঘুরে কোথাও ভোটারদের লাইন দেখা যায়নি। সরকারি দলের নেতাকর্মীরা দল বেঁধে ওইসব ভোট কেন্দ্রে ঢুকে পড়েন। কমলাপুর, চন্দ্রহার ও কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকার ২-৩ জন সমর্থককে প্রকাশ্যে ব্যালটে সিল মারতে দেখা গেছে। দুপুরে আচরনবিধি লংঘন করে ১২-১৪টি মোটরসাইকেলে সরকারি দলের কর্মীরা আসলাম শিকদারের নেতৃত্বে চন্দ্রহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় ছবি তোলায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ছবি ডিলিট করে দেন তারা।
কুমিল্লা : আদর্শ সদর উপজেলা পরিষদে উপনির্বাচনে কয়েকটি কেন্দ্রে জাল ভোট ও এজেন্ট বের করে দেয়ার ঘটনা ঘটেছে। বেলা ১১টায় বিবির বাজার উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত আবুল হাসানাত চৌধুরী নামে এক আওয়ামী লীগ কর্মীকে ৭ দিনের সাজা দেন। একই অভিযোগে দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের দিদার মডেল হাইস্কুল ভোট কেন্দ্রে মো. রিপন নামে আওয়ামী লীগের এক সমর্থককে ৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। বিভিন্ন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া সকাল থেকেই প্রায় সবক’টি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম।
মোরেলগঞ্জ (বাগেরহাট) : মোরেলগঞ্জ উপজেলা পরিষদ উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিল নজিরবিহীন কম। এছাড়া বিভিন্ন কেন্দ্রে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। ভোট কেন্দ্রে বিএনপি ও জাতীয় পার্টির কোনো এজেন্ট ছিল না। কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপির প্রার্থী খম বদিউজ্জামান বদি ও জাতীয় পার্টির প্রার্থী মো. আক্তারুজ্জামান। নিশানবাড়িয়ার রূপচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ায় আওয়ামী লীগ কর্মী জাহিদ খলিফাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। বেলা ৪টার দিকে উপজেলার বাদশারহাট রূপচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৬৭২ ভোটের মধ্যে ভোট পড়েছে ২৪৪টি।
পটুয়াখালী ও রাঙ্গাবালী : রাঙ্গাবালীতে চেয়ারম্যান পদে উপনির্বাচনে কেন্দ্র দখল করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট বের করে দেয়ার অভিযোগ তুলেছে বিএনপি। পুনরায় ভোট গ্রহণের দাবি জানায় দলটি। দুপুর ১২টায় বাহেরচর বন্দরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন আকন।
বরিশাল ও বানারীপাড়া : বানারীপাড়ায় চেয়ারম্যান পদে উপনির্বাচনের পুনঃভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহআলম মিঞা। তিনি বলেন, কোনো কেন্দ্রে ভোটার ছিল না। ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীর পক্ষে বহিরাগতরা এসে কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছে। দুপুর ২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন এ প্রার্থী।
ঈশ্বরদী : উপজেলা পরিষদে নারী ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন ছিল অনেকটা ভোটারবিহীন। কোনো কেন্দ্রেই ভোটারদের লাইন চোখে পড়েনি। দুপুর ২টা পর্যন্ত এসএম স্কুল কেন্দ্রে কয়েকটি বুথে একজন ভোটারও ভোট দেয়নি। অন্য কেন্দ্রগুলোতেও একই অবস্থা দেখা গেছে। ভোট কেন্দ্রের চিত্র দেখে এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ধারণা করা যায়, নির্বাচনে ১০-১৫ ভাগ ভোটার ভোট দিয়েছেন।
সিলেট, সুনামগঞ্জ ও জগন্নাথপুর : ওসমানীনগর ও জগন্নাথপুরে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে জগন্নাথপুরে একটি কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টা করায় ৫ জনকে আটক করেছে পুলিশ। উভয় উপজেলাতেই ভোটার উপস্থিতি ছিল খুবই কম। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, বেলা ৩টা পর্যন্ত ২৫ ভাগ ভোটার ভোট দিয়েছেন।
নাটোর ও বড়াইগ্রাম : বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিল নজিরবিহীন কম। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও দুপুর ১টা পর্যন্ত প্রায় ২০টি কেন্দ্র ঘুরে কোথাও ভোটারের কোনো লাইন দেখা যায়নি। প্রায় প্রতিটি কেন্দ্রে তখন পর্যন্ত আড়াইশ’র নিচে ভোট পড়েছিল।
চট্টগ্রাম : খাগড়াছড়ি জেলার নবসৃষ্ট গুইমারা উপজেলার প্রথম নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও প্রচুর বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বেলা প্রায় ১১টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুব কম ছিল। অনেক বুথ ছিল একেবারেই ফাঁকা।