স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় এক হাজার ২৭০ বোতল ফেনসিডিলসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৭ অক্টোবর) ভোর ৪টার দিকে বেনাপোল সীমান্তের বড়আচড়া নামক স্থান থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা ফেনসিডিলসহ ওই পাচারকারীকে আটক করেন।
আটক পাচারকারীরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের নূর আলী মন্ডলের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার শিবানন্দকাঠি গ্রামের এনায়েত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে মাদকের একটি চালান পাচার হচ্ছে। পরে বিজিবি অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২৭০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
৪৯ ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি সদরের নায়েক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।



