বেনাপোল(যশোর): বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ৪৯ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আইসিপি ক্যাম্পের সদস্যরা পাসপোর্ট যাত্রীদের বেধড়ক লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার(২৮জুন) সকাল সাড়ে ১১ টায় বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে যশোর-কলকাতা মহাসড়কের উপর এই হামলার ঘটনা ঘটে।
পাসপোর্ট যাত্রীদের উপর হামলার খবর পেয়ে সকালে চেকপোষ্টে গিয়ে দেখা যায়, বিজিবি সদস্যরা আকস্মিক নারী-পুরুষদের উপর লাঠিচার্জ করছে। এতে আতঙ্কিত হয়ে যাত্রীরা সাথে থাকা ব্যাগ ফেলে ছুটা-ছুটি শুরু করছে। পরে প্রায় এক ঘন্টা ভারতে যাত্রী প্রবেশ বন্ধ থাকে। পরে ইমিগ্রেশন ও পোর্টথানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পাসপোর্ট যাত্রী ঢাকার জাবেদ জানান, তিনি তার স্ত্রীকে সাথে নিয়ে চিকিৎসার জন্য সকাল ৭ টায় বাংলাদেশ ইমিগ্রেশনে কাজ শেষে ভারতে ঢোকার উদ্দেশ্যে নোম্যান্সল্যান্ডে দাড়িয়ে রয়েছেন। আগে যেখানে চেকপোস্ট পার হতে আধা ঘন্টা সময় লাগতো এখন সেখানে ৪ ঘন্টা দাড়িয়ে থেকেও ভারতে ঢুকতে পারছেন না। দির্ঘক্ষন লাইনে দাড়িয়ে থাকতে থাকতে নারী-পুরুষরা বিরত্ত হয়ে পড়েন। এসময় বিজিবির এক সৈনিক প্রবেশ গেট খুললে যাত্রীরা ভিতরে ঢুকে যায়। এতে ১৫ থেকে ২০ জন বিজিবি সদস্যরা দৌড়ে এসে তাদের সহ অন্যান্য যাত্রীদের উপর এলোপাতাড়ি ধাক্কা ও মারধোর শুরু করে।
ভারতগামী পাসপোর্ট শফি বলেন, বিজিবি ও কাস্টমস পুলিশের আত্মীয় সজন ভারতে যাওয়ার সময় তাদের তো আর লাইনে দাড়াতে হয়না। বৃদ্ধ বাবা,মা,শিশুদের নিয়ে রোদ পুড়ে ,বৃষ্টিতে ভিজে দির্ঘক্ষন লাইনে দাড়ানোর কষ্ট বিজিবি বুঝবে কি করে। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের দেখা উচিত।
একজন নারী পাসপোর্ট যাত্রী জানান, বিজিবি গেট খুলেছে বলে তারা ভিতরে ঢুকেছে। তারা গেট না খুললে কেউ ঢুকতো না। এখানে অন্যান্য বিজিবি সদস্যরা এসে যাত্রীদের মারধোর এআচারন মেনে নেওয়া যায়না।
পাসপোর্ট যাত্রী জীবন জানান, বাধ্য হয়ে বিশেষ করে চিকিৎসার জন্য বাংলাদেশিরা ভারতে যায়। ভারতীয় বিএসএফ বাংলাদেশি যাত্রীদের উপর খারাপ আচারণ করাটা মেনে নেওয়া যেতে পারে। কিন্তু বিজিবির এ অন্যায় আচারন মেনে নেওয়া যায়না। সুষ্ঠভাবে যাতে যাত্রীরা যাতায়াত করতে পারে সে বিষয়ে দুই দেশেরই গুরুত্ব সহকারে দেখা উচিত।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর শরীফ বাংলানিউজকে জানান, ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত গত কয়েক বছরে ৩ গুন বেড়েছে। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন সেভাবে জনবল বাড়ায়নি। এছাড়া তাদের ধীর গতীতে পাসপোর্টের কাজ শেষ করতে দির্ঘ সময় লাগছে। বিষয়টি বার বার ভারতীয় কর্তৃপক্ষকে বলার পরেও কোন সুরাহ হচ্ছেনা। এতে এসব ঝামেলা ও ভুগান্তি সৃষ্টি হচ্ছে।
৪৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অধিনায়ক(সিও) লেঃ কর্ণেল আরিফুল হক বাংলানিউজকে বলেন, আজকে যাত্রীর অনেক ভিড় ছিল। একারনে তাদেরকে লাইনে আনতে গিয়ে হইতো কিছু ঘটনা ঘটে পারে। তবে বিজিবি সৈনিকরা কারো উপরে লার্টি চার্জ করেনি।



