আবুল কালাম আজাদ, যশোর: প্রস্তাবিত ২০২০-২১ অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর বৈষম্যমূলক ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, বাজেটে প্রতি প্যাকেট বিড়িতে ৪ টাকা ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। যা শতকরা হার ২৮ দশমিক ৫৭ শতাংশ। অথচ সিগারেটে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে মাত্র ৫ দশমিক ৪১ শতাংশ।
এ বৈষম্যমূলক নীতির কারণে দেশীয় বিড়ি শিল্প ধ্বংস হচ্ছে এবং বিদেশী সিগারেট কোম্পানি সুবিধা পাচ্ছে।
বক্তারা আরো বলেন, সরকার মুখে ধুমপান বন্ধের কথা বললেও তারা সিগারেটের বাজার সহজলভ্য করে দিচ্ছে। আর বিড়ি শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে দিচ্ছে।
এতে করে লাখ লাখ বিড়ি শ্রমিক বেকার হয়ে পড়বে এবং অনাহারে দিনাতিপাত করতে বাধ্য হবে। এজন্য ট্যাক্স কমানোসহ বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, নকল বিড়ি ব্যবসা বন্ধ ও বিড়ি শিল্প সুরাক্ষা আইন বাস্তবায়নের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের আহবায়ক ফজলুর রহমান ও মহিলা বিষয়ক সম্পাদক মায়া বেগমের নেতৃত্বে কয়েকশ’ বিড়ি শ্রমিক অংশ নেন।



