দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে জয়লাভ করার পর বিশ্বে সবচেয়ে বেশি মেয়াদে ক্ষমতায় থাকা নারী মহিলা সরকার প্রধান হিসেবে নিজের খেতাব ধরে রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রথম বার ৫ বছর নিয়ে ২৫ বছর ক্ষমতায় থাকতে চলেছেন।
বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ নবনির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্য। এরপর নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেই হিসেবে আগামী ২০২৮ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
গত ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফলে ২২২টি আসনে জয় পায় বাংলাদেশ আওয়ামী লীগ। আর স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্য দল ৩টি আসনে বিজয়ী হয়।
এর আগে, ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০০১ পর্যন্ত ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। এরপর ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ক্ষমতায় আসতে পারেননি। তবে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন তিনি। এরপর থেকে টানা ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনী বিজয়ী হয়ে গত ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছেন বঙ্গবন্ধুকন্যা। এবার ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা ২০ বছর প্রধানমন্ত্রী থাকছেন শেখ হাসিনা। এর ফলে বিশ্বে সবচেয়ে বেশি টানা ক্ষমতায় থাকা নারী জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মের্কেলের রেকর্ড ভেঙে দিচ্ছেন তিনি। এ ছাড়া বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর ক্ষমতায় থাকতে চলেছেন শেখ হাসিনা।
এর আগে, বিশ্বে নারী সরকারপ্রধান হিসেবে সবচেয়ে বেশি টানা ক্ষমতায় ছিলেন জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল। তিনি ২০০৫ সালে প্রথম জার্মানির চ্যান্সেলর হন। এরপর ২০২১ সাল পর্যন্ত টানা ১৬ বছর ১২০ দিন ক্ষমতায় ছিলেন তিনি।
এ ছাড়া আইসল্যান্ডের নারী প্রেসিডেন্ট ভিনডিস ফিনবোগেডোটরি ১৯৮০ থেকে ১৯৯৬ পর্যন্ত টানা ১৬ বছর ক্ষমতায় ছিলেন। ডোমেনিকার প্রধানমন্ত্রী ইগোয়িনা চার্লস হেড অব গভর্নর ছিলেন ১৪ বছর। তিনি ১৯৮০- ১৯৯৫ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। আর আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মেরি ম্যাকলিন ১৯৯৭ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১৩ বছর ক্ষমতায় ছিলেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই দফায় (১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬) ১০ বছর ক্ষমতায় ছিলেন।
অন্যদিকে ৭৬ বছর বয়সী শেখ হাসিনা বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাবান ১০০ নারীর তালিকায়ও নিজেকে জায়গা করে নিয়েছেন। বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের ২০২৩ সালের ক্ষমতাধর নারীর তালিকায় ৪৬তম অবস্থানে রয়েছেন তিনি। তালিকায় ছয়টি শ্রেণির মধ্যে রাজনীতি ও নীতি শ্রেণিতে বিশ্বের ১৮ জন ক্ষমতাধর নারীর মধ্যে শেখ হাসিনার অবস্থান নবম।



