নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর জনমানুষের দাবি ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুকের স্মৃতি বিজড়িত পতিসরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন। সেটি নানা কারণে না হওয়ায় এখানে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট হচ্ছে। বললেন আন্তর্জাতিক রবীন্দ্র গবষেণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, রবীন্দ্র গবেষক ও স্থানীয় সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম।
আজ ৩রা মার্চ শনিবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে ইনস্টিটিউট চত্বরে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক রবীন্দ্র গবষেণা ইনস্টিটিউট চত্বরে একাডেমিক ভবন নির্মাণের ফলক উন্মোচন করেন রাজশাহী বিশ্ববদ্যিালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান।
আব্দুস সোবহান বলেন, “বিশ্ব কবি ছিলেন মানবতার কবি, তার গল্প, কবিতা ও জীবন দর্শন সর্ম্পকে নিবিড়ভাবে জানতে এই গবেষণা ইনস্টিটিউট অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।”
তিনি আরও জানান, সবকিছু ঠিক মত সম্পন্ন হলে আগামী তিন বছরের মধ্যে ইনস্টিটিউটটি রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিগ্রহণসহ আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে।
মোঃ ইসরাফিল আলম এমপি বলেন, আত্রাই উপজেলার নিঝুম-নিস্তব্ধ-নিভৃত গ্রাম পতিসর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালীগ্রাম পরগণার জমিদারী প্রাপ্ত হয়ে প্রথম পতিসরে আসেন ১৮৯১ সালে। এরপর থেকে কবি ১৯৩৭ সাল পর্যন্ত নিয়মিত এই কুঠি বাড়িতে আসতেন। এখানে বসে রচনা করেছেন অনেক কবিতা, গল্প, প্রবন্ধ। প্রতি বছরেই কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কুঠি বাড়ীতে আসেন হাজারো রবীন্দ্র ভক্ত ও অনুরাগীরা।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ফজলুল হক ও মুক্তিযোদ্ধা আলী রেজা প্রমুখ।



