বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায়

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ বুধবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে দেশের প্রধান ঈদের জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।

ঈদগাহে পৌঁছার পর রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর সঙ্গীদের ডিএসসিসির মেয়র সাঈদ খোকন ও অন্য কর্মকর্তারা স্বাগত জানান বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সদস্য, প্রধান বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, জ্যেষ্ঠ রাজনীতিবিদ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও দেশের এই প্রধান ঈদ জামাতে নামাজ আদায় করেন।

এ ছাড়া ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ প্রধান ঈদ জামাতে অংশ নেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান এই জামাতে ইমামতি করেন।

দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ শেষে রাষ্ট্রপতি মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।