বিশেষ প্রতিবেদকঃ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্র পিয়েরে মেয়াউডন বিদায়ী সাক্ষাত করতে এলে তাকে এ আহ্বান জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ইইউ’র দেশগুলো অর্থনৈতিক কার্যক্রম বাড়াতে বাংলাদেশ ১শটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করলে সেটি উভয়ের জন্য লাভজনক হবে।
রোববার গণভবনে ইইউর রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।
তিনি বলেন, ইইউ অ্যাম্বাসেডরও বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আগ্রহের কথা বলেছেন। তিনি বাংলাদেশে বাণিজ্য পরিবেশ উন্নয়নে বাংলাদেশ ও ইইউ বিজনেস ডায়ালগ প্রক্রিয়ার প্রশংসাও করেন।
ইহসানুল করিম বলেন, পিয়েরে মেয়াউডন বাংলাদেশের শ্রমআইন ও ইপিজেড এর খসড়া আইন আরো পর্যালোচনা করতে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশকে সফলতা সবার জন্য উদাহরণ।
ইইউ’র এই প্রতিনিধি বলেন, আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি আরো শান্তিপূর্ণ হবে। আসছে নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত। এছাড়া ব্লু ইকোনোমিতে বাংলাদেশের বিপুল সম্ভবনার রয়েছে।
এসময় প্রধানমন্ত্রী বলেন, আসছে একাদশ সংসদ নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠালে তাকে স্বাগত জানাবে বাংলাদেশ। ছবি সংযুক্ত জাতীয় পরিচয়পত্র প্রণয়নে ইইউ’র সহযোগিতার প্রশংসাও করেন তিনি।
বাংলাদেশের শ্রমিকদের অধিকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গঠনের প্রধান লক্ষ্য ছিল শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬০০ টাকা থেকে ৫ হাজার ৩০০ টাকা করেছে।


