ইছানুর রহমান, ঝিকরগাছা :: সরকার যখন বিদ্যালয়ের আঙ্গিনা ও খেলার মাঠ প্রশস্ত রাখার উপর গুরুত্ব আরোপ করেছে, ঠিক তখনই একটি বিদ্যালয়ের আঙ্গিনা ও খেলার মাঠ সংকীর্ণ করতে উঠেপড়ে লেগেছে এক ব্যাক্তি।
যশোরের ঝিকরগাছা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় উপজেলার কুলিয়া গ্রামের সুবির আলীর ছেলে আবুল কাশেম নামের ওই ব্যক্তি তিনটি দোকান বানাচ্ছেন।
উপজেলার শিওরদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে দোকান নির্মাণ করা হচ্ছে। দোকান নির্মাণ বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিকবার আবেদন করেও কাজ না হওয়ার অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, শিওরদাহ প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে সম্পূর্ণ জায়গাজুড়ে দোকান নির্মাণ করা হয়েছে। দোকান ব্যাপক প্রশস্ত হওয়ায় বিদ্যালয় আঙ্গিনা একেবারে সংকীর্ণ হয়েগেছে। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঙ্গিনায় খেলাধুলা করতে পারে না। বিদ্যালয়ে সীমানা প্রাচীরও দিতে পারছেনা দোকানের কারণে।
এলাকাবাসী জানায়, দোকানঘর নির্মাণ করায় বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হচ্ছে। বিদ্যালয় আঙ্গিনার পরিবেশ দূষণ ও কলহ সৃষ্টি হচ্ছে, এতে শিক্ষার মান ব্যাহত হচ্ছে। তারা দোকান গুলো অপসারণের দাবি করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মনোয়ারা খাতুন বলেন, আবুল কাশেম বিদ্যালয়ের জায়গায় দোকান নির্মাণ করায়, বিদ্যালয়ের আঙ্গিনা একেবারে ছোট হয়ে গেছে। বিদ্যালয়টি নির্বাসখোলা ইউনিয়নের কেন্দ্রস্থলে অবস্থিত। এখনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়। ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এমাঠে অনুষ্ঠিত হয়। কিন্তু দোকান নির্মাণের কারণে বিদ্যালয়ের আঙ্গিনা ছোট হওয়ায় মঞ্চ বানানো সম্ভব হচ্ছে না।ফলে নানান অসুবিধা হয়।এসব কারণে দোকান নির্মাণ বন্ধ ও উচ্ছেদের দাবিতে আবেদন করা হয়েছে। সার্বশেষ ২০ জানুয়ারি দোকানঘর নির্মাণ বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করা হয়েছে। তারপরও দোকান নির্মাণ বন্ধ হয়নি!
বিদ্যালয়ের জায়গায় দোকান নির্মাণকারী আবুল কাশেম বলেন, নেতাদের সাথে বসে ঠিক করে নিয়েছি। তাছাড়া, প্রতিমাসে বিদ্যালয়ে ভাড়া দেব।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) ডা. নাজিব হাসান বলেন, নতুন দায়িত্বে আসায় বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ খবর নিয়ে ব্যাবস্থা গ্রহণ করা হবে।


