বিশেষ প্রতিবেদকঃ দেশে-বিদেশে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কোনো প্রশ্ন নেই। বিএনপিকে গণতন্ত্র রক্ষা করতে হবে না। তাদের গণতন্ত্রের নমুনা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করা। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার বেলা পৌনে ১২ টায় দাউদকান্দি গোমতি সেতু এলাকায় কাঁচপুর-মেঘনা, গোমতির দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতুর সংস্কার প্রকল্প ও গোমতি সেতুর সুপার স্ট্রাকচার কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামীলীগের সাধারন সম্পাদক বলেন, খালেদা জিয়া ছাড়া বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা তাদের সিদ্ধান্ত। নির্বাচনে আসা না আসা এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই। এটা তাদের গণতান্ত্রিক অধিকার।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি গত ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে এবারও তার পুনরাবৃত্তি ঘটাবে কিনা এটা তাদের বিষয়। এতে সরকারের কোনো দায় নেই।
তিনি বলেন, এবারও বিএনপি যদি এমন (পেট্রোল বোমা) আন্দোলন করে তাহলে তারা আরও সংকুচিত হয়ে যাবে। জনগণ তাদের প্রতিহত করবে। জনগণ অনেক সচেতন, সজাগ। বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে।
কাদের বলেন, নির্ধারিত সময়ের ছয় মাস আগেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ৩টি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হবে। এতে জনদুর্ভোগ কমবে, সময় সাশ্রয় হবে।
এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তর এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) কর্মকর্তারা।


