শরিফুল ইসলাম, শার্শা ॥ যশোরের শার্শার বাগআঁচড়ায় বালুর ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রী দুই বোন নিহত এবং বাবা মারাত্বক ভাবে আহত হয়েছেন । শনিবার সকাল ৭ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া বাজারের ফাস্ট সিকিউরিটি ব্যাংকের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত ফাতিমা ওয়ারদুল রোজা (১২) বাগআঁচড়া গার্স স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনির ছাত্রী এবং উপজেলার বাগুড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। জেরিন (১১) একই বিদ্যালয়ের ষষ্ট শ্রেনির ছাত্রী এবং বাগআঁচড়া সাতমাইল গ্রামের ইব্রাহিম মোল¬ার মেয়ে। তারা সম্পর্কে মামাত ফুফাত বোন। মারাত্বক আহত ফাতেমার পিতা আলমগীর হোসেন (৪৫) বাগআঁচড়া কলেজের প্রভাষক। তাকে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলিটন মিয়া জানান, আলমগীর মোটর সাইকেলে করে তার মেয়ে ও বোনের মেয়েকে নিয়ে প্রতিদিনের ন্যায় স্কুলে পৌছে দিতে যাচ্ছিলেন। এসময় বালু বোঝাই একটি ট্রাক (যশোর-ট ১১-৪১৫৩) নিয়ন্ত্রন হারিয়ে সামনাসামনি তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই স্কুল ছাত্রী ২ জন মারা যায়। লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক ও সহকারি পালিয়েছে বলে জানান তিনি। দুর্ঘটনার খবর শুনে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি হুমায়ন কবীর জানান, ঘাতক ট্রাক আটক করলেও চালককে আটক করতে পারেনি। দুই স্কুল ছাত্রী নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


