বাংলাদেশের পথনাটকের অন্যতম পুরোধা নাট্যজন মান্নান হীরা মারা গেছেন।
বুধবার ২৩ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর৷
বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহম্মদ গিয়াস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার রাত ৮টার দিকে মান্নান হীরা তার শান্তিবাগের বাসায় হৃদরোগে আক্রান্ত হন ৷ শান্তিবাগ থেকে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন৷
তিনি বলেন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নাট্যজন মান্নান হীরার মরদেহ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখা হবে৷ এর পর বাদ যোহর শিল্পকলা একাডেমি মসজিদে জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে সিরাজগঞ্জে তার গ্রামের বাড়িতে৷ সেখানেই তার দাফন সম্পন্ন হবে৷
মান্নান হীরা পথনাটক আন্দোলনের সঙ্গে আজীবন যুক্ত ছিলেন। পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা ছিলেন। মঞ্চ ও টিভির জন্য অসংখ্য নাটক লিখেছেন তিনি। একাধারে ছিলেন নির্দেশক, নির্মাতা ও অভিনেতাও।
তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে- ‘লাল জমিন’, ‘ভাগের মানুষ’, ‘ময়ূর সিংহাসন’, ‘সাদা-কালো’। এছাড়াও ‘ক্ষুদিরামের দেশে’, ‘ফেরারী নিশান’, ‘আদাব’, ‘ঘুমের মানুষ’ ‘মৃগনাভি’, ‘শেকল’, ‘জননী বীরাঙ্গনা’, ‘মণিমুক্তা’, ‘একাত্তরের রাজকন্যা’, ‘মেহেরজান, ‘ফুটপাত’, ‘লাল জমিন’ প্রভৃতি তার উল্লেখযোগ্য নাটক।
২০০৬ সালে তিনি নাটক শ্রেণিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।


