বাংলাদেশে উন্নয়নের রাজনীতি নিয়ে এসেছেন শেখ হাসিনা -আইনমন্ত্রী

বাংলাদেশে উন্নয়নের রাজনীতি নিয়ে এসেছেন; উন্নয়নের মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টিয়ে দিয়েছেন।

বিএনপি ও এরশাদ সাহেবের সরকার খুনিদের মদদ দিয়েছে। খুনের লাভ দিয়েছে। আর দেশের মানুষকে শোষণ করেছে। তাদের এই রাজনীতি বন্ধ করেছেন শেখ হাসিনা। তিনিই বাংলাদেশে উন্নয়নের রাজনীতি নিয়ে এসেছেন; উন্নয়নের মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টিয়ে দিয়েছেন। বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনা মহামারির সময় জাতিসংঘ এক রিপোর্টে বলেছিল, তাদের মডেল মতো না চললে, বাংলাদেশের ২০ লাখ লোক করোনাতে মারা যাবে। শেখ হাসিনার মডেল মতো চলে বাংলাদেশে ২০ লাখ লোক করোনাতে মারা যায়নি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনএর রাস্তা করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে।

সমিতির সভাপতি মোঃ নূর আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ২ আসনের সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম বাবু, সিলেট৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

এর আগে ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী জজ বিচারকদের জন্য আয়োজিত ১৩ম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, আদর্শ সমাজ ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় আইনের শাসন ও ন্যায়বিচারের গুরুত্ব অপরিসীম। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকগণ প্রত্যক্ষ ভূমিকা পালন করে থাকেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসাবাণিজ্য ও বিনিয়োগ বিকাশ এবং গণতন্ত্র সুসংহতকরণে বিচারকদের রয়েছে পরোক্ষ অবদান। সেকারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর দেওয়া সংবিধানে বিচার বিভাগকে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। শুধু তাই নয় তিনি বিজ্ঞ বিচারকদেরকে বিচারকর্মে স্বাধীন থাকার সাংবিধানিক অধিকার প্রদান করেছেন । এর মূল উদ্দেশ্য দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। একটি আধুনিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করা।

আনিসুল হক বলেন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার আজকের সাফল্যের পেছনে সময়োপযোগী ও মানসম্পন্ন প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রশিক্ষণের গুরুত্ব উপলব্ধি করেই আমরা বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সক্ষমতা আগের তুলনায় অনেক বৃদ্ধি করেছি। ফলে করোনার অতিমারির মধ্যেও এখানে বিচারক, সরকারি আইন কর্মকর্তা ও আইনজীবীদের ভার্চুয়ালি প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হয়েছে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, চীন এবং জাপানেও প্রায় এক হাজার বিচারককে উন্নতমানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অধিকন্তু দেশেই বিশ্বমানের প্রশিক্ষণ প্রদানের জন্য পদ্মা সেতুর সন্নিকটে মাদারীপুরের শিবচরে একটি অত্যাধুনিক ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করা হয়েছে।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সাওয়ার ও ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান বক্তৃতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।