বাংলাদেশ যে শক্ত মজবুত জাতি হিসেবে দাঁড়িয়েছে তা বিশ্ব স্বীকৃত দিয়েছে। এটা সরকারের ধারাবাহিকতার জন্য সম্ভব হয়েছে। পাকিস্তানের টাকার মান আমাদের চেয়ে অনেক কম। আমাদের ১ টাকা পাকিস্তানের দেড় টাকার উপরে আমার জানা মতে। পাকিস্তানের চেয়ে সব ক্ষেত্রে আমাদের দৃঢ় অবস্থান রয়েছে। একটা সুন্দর ব্যালেন্স দেশ হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে মোটেল সৈকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজন মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সমাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, কিছু মাদক মেডিক্যালে রোগীদের কাজে ব্যবহার করা হয়। ফেনসিডিল থেকে মাদকের সূত্রপাত আমার মনে হয়। যারা ফেনসিডিল খায়, তারা এখন অন্য মাদক সেবন করে। বড় লোকের ছেলেদের কীসের টেনশন? তারা সকালে উঠে বাবার হোটেল খাচ্ছে। তারা ফ্যাশনের জন্য মাদকসেবন করেন। আনোয়ারা-বাঁশখালী রোড ব্যবহার করে একসময় মাদক পাচার হতো। এখনো বিভিন্ন রোড ব্যবহার করছে। প্রতিটি মহল্লায় মহল্লায় এ ধরনের কর্মশলা করতে হবে। ইন্টারনেট এসেছে, সেটার কারণে মাদক ব্যবহার কম হচ্ছে। আমি ফেসবুক পছন্দ করি না। কাজে কর্মে যারা আছে তারাও ব্যবহার করছেন। যাদের প্রয়োজন নেই, তারও ব্যবহার করছেন।
মন্ত্রী বলেন, একসময় আমরা টেলিভিশনের ওপর নির্ভর করতাম। এখন আমরা সেটা করছি না। এখন সমাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে জানতে পারছি। আমাদের আগামী প্রজন্মকে মাদকমুক্ত গড়ার জন্য প্রত্যেকের অবস্থান থেকে কাজ করতে হবে। আগামী প্রজন্মকে প্রস্তুত করে যেতে না পারলে এই দেশ সোমালিয়া হয়ে যাবে। বঙ্গবন্ধু সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনা তিলে তিলে গড়ে তুলেছেন। গত ১৩ বছর এদেশ এগিয়ে গেছে। দক্ষ জনগোষ্ঠীর অভাব হয়েছে। তবে দক্ষদের চাকরি আছে, তাদের চাহিদা আছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুস সবুর মন্ডল। কর্মশালায়, ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ), সিএমপির কমিশনার ও উপ-কমিশনারগণ, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, র্যাব ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কারা উপমহাপরিদর্শক, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগ ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাসহ ১৮০ জনেরও বেশি বিভাগ ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।





