ঢাকাঃ ৬ আগস্ট, বৃহস্পতিবার কক্সবাজারের মহেশখালীতে ভূমিদস্যুদের হামলায় আহত বন বিভাগের সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দীন এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
পরিবেশ মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, একজন সৎ ও দায়িত্ববান কর্মকর্তা হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বনের জায়গা অবৈধ দখলমুক্ত করতে তাঁর এ আত্মত্যাগ বৃথা যাবে না। নৃশংস এ ঘটনার সাথে জড়িত অবৈধ দখলদার ও ভূমিদস্যুদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আওতাধীন কক্সবাজারের মহেশখালী রেঞ্জের কেরুনতলী বিটের করইবুনিয়া নামক এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ ভূমির দখল উচ্ছেদকালে ভূমিদস্যুদের হামলায় গুরুতর আহত সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দীন (৩০) আজ (৬ আগস্ট) বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।



