আগামী ১-৭ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন কর্তৃক আয়োজিত 1st Asia Pacific Individual Deaf Chess Championship-2023 টূর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্ণামেন্টে এশিয়ার ১২টি দেশ অংশগ্রহণ করবে।
গতকাল শনিবার বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এই ঘোষণা দেয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে এই টূর্ণামেন্ট আয়োজন করার জন্য অনুমোদন দিয়েছে।
টুর্ণামেন্টে অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে, বাংলাদেশ, ভারত, ইরান, জর্ডান, কাজাকিস্তান, মঙ্গোলিয়া, পাকিস্তান, সৌদি আরব, ইউএই, উজবেকিস্তান এবং ইয়েমেন। বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও সাবেক মূখ্য সচিব মোঃ আবদুল করিম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাকির হোসেন খান, মোহাম্মদ খায়রুল বশার, সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসতিয়াক আলম, মোঃ ফরিদউদ্দিন আহম্মেদ, কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলামসহ ফেডারেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় জানানো হয় প্রথমবারের মত বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন কর্তৃক আয়োজিত 1st Asia Pacific Individual Deaf Chess Championship-2023 টূর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১-৭ ডিসেম্বর ২০২৩ এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। জাক-জমকপূর্ণ এ টুর্ণামেন্ট সফল করার জন্য বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন কর্তৃক নিম্নোক্ত সদস্য সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।
(১) জনাব মোহাম্মদ খায়রুল বশার চেয়ারম্যান
(২) মিসেস সাহানা আক্তার কো-চেয়ারম্যান
(৩) জনাব জাকির হোসেন খান সদস্য
(৪) জনাব মোঃ ফরিদ উদ্দিন আহম্মেদ সদস্য
(৫) জনাব মোঃ আমিনুল ইসলাম সদস্য
(৬) শাহ বাবুল আহমেদ সদস্য
(৭) জনাব গাজী কামরুল হাসান সদস্য সচিব
সভায় সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ত্রি-দেশীয় টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে বাংলাদেশ বধির ক্রিকেট দল রানার্সআপ হওয়ায় কমিটির পক্ষ থেকে খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। রানার্সআপ দল কমিটির সভাপতির নিকট ট্রফি হস্তান্তর করেন।
সভা শেষে এক ব্রিফিং এ জনাব মোহাম্মদ খায়রুল বশার বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনস্থ জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত একটি ফেডারেশন। তিনি টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় বধির ক্রীড়া ফেডারেশনের প্রতিটি সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে গঠিত বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন প্রথমবারের মত স্বাগতিক দেশ হিসেবে এধরণের একটি অনুষ্ঠান আয়োজন করতে পারায় নিজেদের ধন্য মনে করছেন। তিনি আরো বলেন, কমিটির সদস্যবৃন্দ টুর্ণামেন্টটি সফল করতে সাধ্যমত চেষ্টা করে যাবেন। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সেটাই এই টুর্ণামেন্টের মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে চান। পরিশেষে তিনি এই টুর্ণামেন্ট সফল করার জন্য সমাজের বৃত্তবানদের সহযোগীতা কামনা করেন।


