বগুড়ায় শহীদ মিনার ভাংগার অভিযোগ

বগুড়া প্রতিনিধি:  বিদ্যালয় প্রাঙ্গনের শহীদ মিনার ভেঙ্গে ফেলার বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের অর্ধশত নেতাকর্মী স্বাক্ষরিত একটি অভিযোগপত্র উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) বরাবর দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় এক দশক আগে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। শহীদ মিনারটিতে প্রতিবছর বিভিন্ন জাতীয় দিবসে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী। কিন্তু শহীদ মিনারটি স্থানান্তরের নামে ১৫ ডিসেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেই শহীদ মিনার ভেঙ্গে ফেলেছে। ফলে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। এতে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও স্থানীয় জনতার মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারীদের পক্ষে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারিক বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ের মাসে শহীদ মিনার ভেঙ্গে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের অবমাননা করেছেন। আমরা বিজয় দিবসে শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করতে পারিনি। এ বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি করছি।

এ প্রসঙ্গে ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলা প্রশাসনের নিকট আবেদনের প্রেক্ষিতে ১৭ ডিসেম্বর শহীদ মিনারটি স্থানান্তরের জন্য ভাঙ্গা হয়। গত বৃহস্পতিবার সকালের দিকে নির্ধারিত স্থানে উন্নতমানের শহীদ মিনার নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

এ ব্যাপারে ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির রেজুলেশনমূলে শহীদ মিনার স্থানান্তরের জন্য আমার নিকট আবেদন করেছেন। তবে শহীদ মিনার স্থানান্তরের বিষয়ে প্রধান শিক্ষককে অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগটি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।