ফেনীর মহিপালে ছয় লেন ফ্লাইওভারের উদ্বোধন আগামীকাল

বিশেষ প্রতিবেদকঃ  ফেনীর মহিপালের ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভারের উদ্বোধন আগামীকাল।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফ্লাইওভারটির উদ্বোধন করবেন। এসময় ফেনীতে এর ফলক উন্মোচন করবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এ উপলক্ষে মহিপাল চাড়িপুর স্কুল মাঠে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই ফ্লাইওভারটি চালু হলে যেমন যানজট নিরসন হবে তেমনি ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে চলাচলকারী যাত্রীদের ভোগান্তি কমবে এবং সময় বাঁচবে ১ থেকে ২ ঘণ্টা।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন লিমিটেডের তত্ত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেড এই ফ্লাইওভারের নির্মাণ কাজ সম্পন্ন করেছে।

৬৯০ মিটার দীর্ঘ এবং ২৪ দশমিক ৬২ মিটার প্রশস্ত এই ফ্লাইওভারের নির্মাণ কাজে প্রায় ১৮২ কোটি টাকা ব্যয় হয়েছে।

২০১৫ সালের নভেম্বরে এর নির্মাণ কাজ শুরু হয়। তবে প্রায় ছয় মাস আগেই উদ্বোধন হতে চলেছে ফ্লাইওভারটির।

স্থানীয়রা জানান, এই ফ্লাইওভার ব্যবহার করে ঢাকা-চট্টগ্রামে চলাচলকারী গাড়িগুলো দ্রুত গন্তব্যে যেতে পারবে। এতে করে সময় যেমন বাঁচবে তেমনি যানজটেও পড়তে হবে না।

অপরদিকে ফ্লাইওভারের নিচ দিয়ে ঢাকা-চট্টগ্রামগামী ছোট পরিবহন চলাচলের পাশাপাশি মহিপাল হয়ে বৃহত্তর নোয়াখালী ও অন্যান্য দূরপাল্লার গাড়িগুলো চলাচল করতে পারবে।

মহিপাল অংশে পূর্বে যানজট সৃষ্টি হলেও ফ্লাইওভারটি চালু হলে গাড়ির চাপ আগের চাইতে অনেক কমে আসবে।

ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি আরটিভি অনলাইনকে বলেন, এ সরকারের বিশাল সাফল্য এটি। মহিপাল ফ্লাইওভারটি চালু হলে ফেনীর চিত্র পাল্টে যাবে। এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারীসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এই ফ্লাইওভারটি বাস্তবায়ন হওয়ায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।