বিজ্ঞান–প্রযুক্তি ডেস্ক: এবার সেলফি পরিমাণ উচ্চতা থেকে স্মার্টফোন হাত থেকে পড়ে গেলেও স্ক্রিন রক্ষা পাবে- এমনটাই জানিয়েছে স্মার্টফোনের গ্লাস নির্মাতা প্রতিষ্ঠান কর্নিং।
স্মার্টফোন যারা ব্যবহার করেন, তারা প্রায় সকলেই প্রতিদিন কর্নিং-এর তৈরি গরিলা গ্লাস স্পর্শ করে থাকেন। গরিলা গ্লাস খুবই মজবুত স্ক্রিন। যা সম্পূর্ণভাবে স্ক্র্যাচ প্রতিরোধক। ২০১৪ সালে কর্নিং উন্নত ভার্সন হিসেবে ‘গরিলা গ্লাস ৪’ বাজারে নিয়ে আসে। অর্থাৎ ছুরি দিয়ে গরিলা গ্লাসের ওপর কাটাকাটি করলেও স্ক্র্যাচ (দাগ) পড়বে না।
তবে স্ক্র্যাচ প্রতিরোধে গরিলা গ্লাস ৪ সবচেয়ে নিরাপদ হলেও, কোমর পরিমাণ উচ্চতা থেকে স্মার্টফোন পড়ে গেলে, তা স্ক্রিনকে সুরক্ষা দিতে পারে না। আর তাই এবার শুধু স্ক্র্যাচ প্রতিরোধেই নয়, বরঞ্চ স্মার্টফোনের ক্র্যাক এড়াতে কর্নিং তৈরি করেছে স্মার্টফোনের জন্য আরো উন্নত গ্লাস ‘গরিলা গ্লাস ৫’।
বিশ্বব্যাপী স্মার্টফোনের সার্ভিসিং সবচেয়ে বেশি যে কারণটির জন্য হয়ে থাকে, তা হচ্ছে স্ক্রিন ভেঙে যাওয়া।
বর্তমানে সবচেয়ে উন্নত স্মার্টফোনগুলোতে কর্নিংয়ের ‘গরিলা গ্লাস ৪’ ব্যবহৃত হচ্ছে। তবে প্রায় ৫০ শতাংশ ক্ষেত্রে এই প্রযুক্তির স্মার্টফোন ১ মিটার উচ্চতা থেকে পড়ে গেলে স্ক্রিন রক্ষায় সক্ষম।
কর্নিং কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ ব্যবহারকারী কাছ থেকে তাদের ফোনটি পকেটে রাখা কিংবা বের করার সময় অথবা ছবি তোলার সময় পড়ে গিয়ে থাকে। তাদের নতুন ‘গরিলা গ্লাস ৫’ বুক এবং কাধঁ পরিমান উচ্চতা থেকে পড়ে গেলেও স্মার্টফোনের স্ক্রিন ৮০ শতাংশ ক্ষেত্রে ভাঙবে না। উদাহারণ স্বরুপ বলা যায়, সেলফি তোলার সময় সে পরিমাণ উচ্চতা থেকে পড়ে গেলেও স্মার্টফোনের স্ক্রিন অক্ষত থাকবে।